চাল আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে মামলা
ভিজিএফের চাল আত্মসাতের ঘটনা ধামাচাপা দিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুর রহমান দুই সাংবাদিকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর সন্ধ্যায় ভিজিএফের দুই বস্তা চাল আত্মসাতের জন্য অন্যত্র নেওয়ার সময় গ্রামবাসী বিনাইল ইউপির সদস্য আনোয়ার হোসেন ও ট্রাক্টর চালক জেকের আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরদিন তাঁদের আদালতে পাঠায়। পরে তাঁরা আদালত থেকে মুক্তি পান। চালগুলো থানায় জব্দ করা আছে।থানায় আটক অবস্থায় ইউপি সদস্য আনোয়ার হোসেন দাবি করেছিলেন, ট্রাক্টরের চালক স্থানীয় খাদ্যগুদাম থেকে ভুল করে বরাদ্দের অতিরিক্ত দুই বস্তা চাল নিয়ে এসেছিলেন। তবে বিরামপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) গোলাম মাওলা জানান, বিনাইল ইউনিয়নের জন্য ৪৫২ বস্তা চাল দুই দফা যাচাই করে দেওয়া হয়েছে। চাল বেশি দেওয়ার প্রশ্নই ওঠে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোখছানা বেগম জানান, বিষয়টি জানার পর তিনি বিনাইল ইউপি ভবনে গিয়ে চালের বস্তা গুনে দেখেছেন। চাল কম পাওয়া যায়নি। তাই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি। তবে দুই বস্তা চাল কোথা থেকে এসেছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।সন্দেহমূলক আটক দেখিয়ে ইউপি সদস্য ও ট্রাক্টরের চালককে আদালতে পাঠানোর বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, মামলা না হওয়ায় ওই দুজনকে সন্দেহমূলক আটক দেখিয়ে ২৩ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।চাল চুরির ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়ারম্যান হামিদুর রহমান ২৫ অক্টোবর আদালতে মামলা করেন। মামলায় প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি এ এস এম আলমগীর ও যায়যায়দিন সংবাদদাতা জালাল উদ্দিনসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় তিনি আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছেন। সেই থেকে দুই বস্তা চাল সংগ্রহ করে তাঁরা ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টা করেছেন বলে আরজিতে উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে।মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে চালসহ আটক ইউপি সদস্য আনোয়ার হোসেনকে। এ ছাড়া ইউএনও মোছা. রোখছানা বেগম, থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল, পিআইও আরিফুল ইসলামকে সাক্ষী করা হয়েছে। তবে তাঁরা মামলা সম্পর্কে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ১২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বিরামপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।ইউপি চেয়ারম্যান মো. হামিদুর রহমান কিছু লোক দিয়ে ২৯ অক্টোবর দুপুরে বিরামপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন। মানববন্ধনে তিনি দ্রুত সময়ের মধ্যে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।