চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
চাল আত্মসাতের মামলায় খুলনার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউপির চেয়ারম্যান গাজী জিয়াউর রহমানকে গতকাল দুপুরে খুলনা সার্কিট হাউসের সামনে থেকে গ্রেপ্তার
করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক এস এম শামীম ইকবাল বলেন, গাজী জিয়াউর রহমান পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে ১৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে মামলা ছিল। ওই মামলার তদন্ত করছিল দুদক।
দিঘলিয়া থানা সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের সময় সেনহাটি ইউনিয়ন পরিষদের গোডাউনে ১৫০ বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন সিলগালা করা হয়। ঘাটতি পূরণ ও অনিয়ম ঢাকার চেষ্টা
করলে পুলিশ বাইরে থেকে আনা ১৫০ বস্তা চাল জব্দ করে। ওই দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করেন।
গতকাল বিকেলে চেয়ারম্যানের পক্ষে জামিন আবেদন করলে আজ সোমবার শুনানির দিন নির্ধারণ করা হয়। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।