চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান জেলে
মৃত নারীর নামে ভিজিডির চাল তুলে আত্মসাতের মামলায় আদালত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর কবির গতকাল সোমবার এই আদেশ দেন। মামলার আরজিতে বলা হয়েছে, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুকুমার রায়ের স্ত্রী ভিজিডি কার্ডধারী সন্ধ্যা রানী ২০১১ সালের ২৮ জুন মারা যান। সন্ধ্যার মৃত্যুর পর থেকে ২০১২ সালের ১২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে তাঁর নামে ইউপি চেয়ারম্যান প্রতি মাসে ৩০ কেজি হিসাবে ১০ মাসে মোট ৩০০ কেজি চাল তুলে আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে ওই ইউনিয়নের বাসিন্দা মোনাব্বেরুল হক বাদী হয়ে ২০১২ সালের ২৫ মে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এই মামলায় সমন পেয়ে হাজির না হওয়ায় লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম নরেশ চন্দ্র রায় গত ২৩ এপ্রিল চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর চেয়ারম্যান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার দিনে গতকাল দুপুরে চেয়ারম্যান লালমনিরহাটের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।