চাল আত্মসাৎ খাদ্য কর্মকর্তার যাবজ্জীবন
বগুড়ার নামুজা খাদ্যগুদামের সাবেক খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।প্রায় ৩২ লাখ টাকার সরকারি চাল আত্মসাতের দায়ে বগুড়ার বিশেষ আদালতের বিচারক মো. আবদুল মতিন গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, রফিকুল ইসলাম ১৯৯১ সালের ৩০ জুন থেকে একই বছরের ২৬ অক্টোবর পর্যন্ত নামুজা খাদ্যগুদামে কর্মরত থাকা অবস্থায় ৩১১ দশমিক ৬৭৮ মেট্রিক টন চাল ও চালের বস্তা বিক্রি করে ৩১ লাখ ৮৯ হাজার ৩১২ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে তৎকালীন বগুড়া জেলা দুর্নীতি ব্যুরোর পরিদর্শক মহসিন উদ্দিন বাদী হয়ে ১৯৯২ সালের ২৪ জানুয়ারি বগুড়া সদর থানায় মামলা করেন।