চাল আমদানি ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সাময়িক: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চালের আমদানি ও শুল্ক কমানোর সিদ্ধান্ত সাময়িক। সরকার কৃষকের স্বার্থ সম্পর্কে সচেতন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অতিরিক্ত চাল আমদানির কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হবে—এসংক্রান্ত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। সাংসদ নুরুল ইসলাম মিলন এ নোটিশ দেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, উদ্বৃত্তও ছিল। দুই বছর আগে শ্রীলঙ্কায় ৫০ হাজার টন চাল রপ্তানিও করা হয়। কিন্তু এবার হাওরে আকস্মিক বন্যায় উৎপাদন কম হয়েছে। এ জন্য মজুত বাড়াতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। শুল্ক কমিয়ে দেওয়া হয়। এ সিদ্ধান্ত সাময়িক। কিন্তু সরকার সতর্ক। অতিরিক্ত চাল আমদানির কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, এ বিষয়ে সরকার সচেতন আছে।
নোটিশের জবাবে তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় বাজার থেকে ১৫ লাখ টন চাল ক্রয় করা যায়নি। এতে মজুত কম যায়। এ জন্যই চাল আমদানি করা হচ্ছে। এখন মজুত ও খালাসের অপেক্ষায় আছে ৬ লাখ ২১ হাজার মেট্রিক টন চাল। চালের কোনো সংকট নেই। গোডাউন মালিকেরা মজুতের চেষ্টা করেছিলেন। কিন্তু সরকার সচেষ্ট বলে তাঁরা সফল হননি।
তোফায়েল আহমেদ বলেন, বন্যার পর ফসল ভালো হয়। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর আবারও খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ।