চাল আমদানি হয়েছে ২২ লাখ টনের বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশে চাল আমদানি হয়েছে ২২ লাখ টনের বেশি। মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।
এদিকে চালের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে সংসদে খাদ্যমন্ত্রী বলেন, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা ও ধানে ব্লাস্ট রোগসহ নানা কারণে বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়। এতে খোলা বাজারে চালের মূল্যে ঊর্ধ্বগতি দেখা দেয়। এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিপুল পরিমাণে চাল দেশে আসায় চালের দাম স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করে। সরকারের উদ্যোগে মজুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চালের মূল্য কমে দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জনসাধারণের ভোগ্য চালের দাম সহনীয় পর্যায়ে আছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে গতকাল বৈঠক শুরু হওয়ার পর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি ২০১৭-১৮ অর্থবছরে গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ২২ লাখ ৩৮ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পেঁয়াজের উৎপাদন, আমদানি ও বিপণনব্যবস্থায় কোনো ধরনের সিন্ডিকেট কাজ করেনি। বন্যায় ভারতের বাজারে মূল্যবৃদ্ধি ও বাংলাদেশে বন্যায় স্থানীয়ভাবে মজুত করা পেঁয়াজের একটি অংশ নষ্ট হওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।
সরকারি দলের সাংসদ শেখ মো. নুরল হকের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, চলতি অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে, এর মধ্যে ৮ লাখ মেট্রিক টন দেশের বন্দরে এসে পৌঁছেছে। দেশে বর্তমানে খাদ্য ঘাটতি নেই।

১ কোটি ১৫ লাখ কর্মী বিদেশে
সরকারি দলের মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে বিদেশগামী কর্মীর সংখ্যা (ডিসেম্বর-১৭ পর্যন্ত) ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।
সরকারি দলের মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে কোনো চাহিদা না থাকায় বর্তমানে সরকারি পর্যায়ে কোনো কর্মী পাঠানো হচ্ছে না। তবে বেসরকারি ব্যবস্থাপনায় জি টু জি প্লাস প্রক্রিয়ায় সমাঝোতা স্মারকের পর থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৭৫ হাজার ২৪০ জন কর্মী মালয়েশিয়া গেছেন।
সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের ফলে ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী বিদেশে গেছেন।