ভারত থেকে তিন লাখ টন চাল আমদানির ব্যাপারে জটিলতার অবসান হয়েছে। চালের মূল্য, পরিবহনপদ্ধতি, গুণগত মান পরীক্ষার প্রক্রিয়াসহ সব বিষয় চূড়ান্ত হয়েছে।চাল পাঠানোর বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছে। গতকাল শনিবার ভারত সফরে যাওয়া খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মার বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত হয়েছে। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।জানা গেছে, চালের গুণাগুণ সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল খুব শিগগিরই ভারত যাবে। মান দেখে নিশ্চিত হলে তা বাংলাদেশে পাঠানো শুরু হবে। বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাককে জানান, পরিবহনের বিষয়ে ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। ফুড করপোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) গুদামে বাংলাদেশের প্রতিনিধির উপস্থিতিতে চালের গুণগত মান পরীক্ষা করা হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর পর্যন্ত তা পরিবহনের বিষয়ে ভারতের সরকারি দুটি ট্রেডিং প্রতিষ্ঠান দায়িত্ব পালন করবে।ভারতের বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে চাল রপ্তানিতে আর কোনো বাধা নেই। চালের গুণগত মান ও পরিমাণ নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, এ বিষয়ে ভারতের মন্ত্রী সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।খাদ্যমন্ত্রী এ সময় সাড়ে ১২ হাজার টন চিনি বাংলাদেশে রপ্তানি এবং দুই দেশের সীমান্তে হাট বসানোর অগ্রগতি নিয়েও আলোচনা করেন।ভারতের বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগিরই সাড়ে ১২ হাজার টন চিনিও বাংলাদেশে পাঠানো হবে। সীমান্তে হাট বসানোর বিষয়ে তাঁর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শিগগিরই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম, নারায়ণচন্দ্র চন্দ এমপি, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. নাসের ফরিদ, বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর হাবিবুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ছিলেন সে দেশের পিইসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে মিরচাঁনদানি এবং যুগ্ম সচিব অরবিন্দ মেহতা।