চাল আমদানির শুল্ক ১৮ শতাংশ কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

চাল আমদানিতে বর্তমানে ১০ শতাংশ আমদানি শুল্ক, ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ অগ্রিম আয়কর ও অগ্রিম ব্যবসায় ভ্যাটসহ মোট ২৮ শতাংশ করভার হয়

চাল আমদানিতে শুল্ক কমানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে এ নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে চাল আমদানিতে মোট শুল্ক-কর ভার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার বা কাল বুধবারের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ ব্যাপারে গেজেট প্রকাশ হতে পারে।

গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে বাজেট বিষয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার চাল আমদানির শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করছে। চালের ওপর শুল্ক বাড়ানোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘একটি বিশেষ পরিস্থিতিতে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। এখন তা কমানোর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’

জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী, চাল আমদানিতে বর্তমানে ১০ শতাংশ আমদানি শুল্ক, ১০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ অগ্রিম আয়কর ও অগ্রিম ব্যবসায় ভ্যাটসহ মোট ২৮ শতাংশ করভার হয়। এতে আন্তর্জাতিক বাজার থেকে এক কেজি চাল আনতে আট থেকে নয় টাকা শুল্ক-করভার হয়।

এ ব্যাপারে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি মঙ্গলবারের (আজ) মধ্যে জাতিকে চালের দাম কমার ব্যাপারে সুখবর দিতে পারব। এমন একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে, যাতে বাজারে চালের আমদানি বেড়ে দাম কমবে। চালের বাজারে স্বস্তি আসবে।’

গত মার্চ মাসে হাওরে অকালবন্যায় ১০ থেকে ১৫ লাখ টন ধান নষ্ট হওয়ার পর হঠাৎ করে বাজারে চালের দাম বেড়ে যায়। এর আগে গত জানুয়ারি থেকেই চালের দাম বাড়ছিল। গত দুই মাসে মোটা চালের দাম ৪০ থেকে বেড়ে ৪৮ টাকা হয়। সরকার এমন পরিস্থিতিতে ভিয়েতনাম থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। খাদ্য মন্ত্রণালয় থেকে গত এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডকে চাল আমদানিতে শুল্ক কমানোর ব্যাপারে চিঠি দেওয়া হয়।