চাল উদ্বৃত্ত, তবু আমদানি চলছে
>

* রপ্তানির চেয়ে আমদানি ৩০ গুণ বেশি * নতুন শস্য কেনা হবে ১৮ লাখ টন, গুদামে জায়গা মাত্র ৬ লাখ টনের
বাংলাদেশ চাল আমদানিকারক না রপ্তানিকারক দেশ? খাদ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানির হিসাব ঘেঁটে এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া কঠিন। কেননা, বাংলাদেশ সরকারিভাবে চাল রপ্তানি করলেও বেসরকারিভাবে বিপুল পরিমাণে চাল আমদানি করছে। রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ ৩০ গুণ বেশি।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর শ্রীলঙ্কায় ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে বাংলাদেশ। বিপরীতে গত অর্থবছর ভারত থেকে আমদানি করেছে ১৪ লাখ ৯০ হাজার টন চাল। আবার এ বছর লিবিয়াসহ আফ্রিকার সাতটি দেশে বাংলাদেশ থেকে চাল রপ্তানির আলাপ-আলোচনা চলছে। অন্যদিকে ২০ শতাংশ আমদানি শুল্ক থাকার পরও এ অর্থবছর ভারত থেকে ইতিমধ্যে দেশে ২ লাখ ১৭ হাজার ১৩০ টন চাল আমদানি হয়েছে। এ ছাড়া এ বছরের ১৯ মার্চ পর্যন্ত নতুন করে আরও ৩ লাখ ২৯ হাজার টন চাল আমদানির এলসি খোলা হয়েছে।
দেশের খাদ্য পরিস্থিতির এই মিশ্র চিত্রটির মধ্যেই চলতি মাসে বোরো ফসল তোলার মৌসুম শুরু হয়ে যাচ্ছে। আগামী মে মাস থেকে শুরু হবে ১০ থেকে ১২ লাখ টন বোরোর ধান-চাল সংগ্রহ অভিযান। এ ছাড়া ১০ এপ্রিল থেকে ২ লাখ টন গম সংগ্রহ শুরু করবে খাদ্য অধিদপ্তর। দুই মাসের মধ্যে সরকারিভাবে আমদানি হবে সাড়ে চার লাখ টন গম, আর সহযোগিতা হিসেবে আসবে আরও ৫০ হাজার টন। এগুলো রাখার জন্য সরকারি গুদামে জায়গা দরকার ১৭ থেকে ১৮ লাখ টন খাদ্যের। কিন্তু গুদামে জায়গা আছে মাত্র ছয় লাখ টনের মতো।
খাদ্য আমদানির পরস্পরবিরোধী চিত্র সম্পর্কে দুই ধরনের তথ্য দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। এ ব্যাপারে জানতে চাইলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেশে চালের কোনো সংকট নেই। বরং আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করেছি। আফ্রিকার সাতটি দেশ বাংলাদেশ থেকে চাল আমদানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। লিবিয়ায় চালের নমুনা পাঠানো হয়েছে।’ চালে যদি দেশ উদ্বৃত্তই হয়, তাহলে কেন এত চাল আমদানি হচ্ছে—এই প্রশ্ন করলে খাদ্যমন্ত্রী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী এ কাজ করছে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ৩০ থেকে ৩৫ লাখ টন চাল আমাদের উদ্বৃত্ত আছে।’ এরপরও ব্যবসায়ীরা কেন চাল আমদানি করছেন জানতে চাওয়া হলে বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্ক বাড়ানোর পরে মাত্র কয়েক হাজার টন চাল আমদানি হয়েছে।
এদিকে বোরো মৌসুমের সংগ্রহ অভিযানের চাল কিনে কোথায় রাখা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় গুদাম ব্যবস্থাপকেরা। খাদ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারা দেশে তাদের গুদামগুলোর মোট ধারণক্ষমতা ২০ লাখ টন হলেও নানা কারণে ১৮ লাখ টনের বেশি খাদ্য সেখানে রাখা যায় না। গতকাল মঙ্গলবার গুদামগুলোতে মোট খাদ্য ছিল ১২ লাখ ৯ হাজার টন। বন্দরে জাহাজে ভাসমান মজুত হিসেবে আছে ৪৮ হাজার টন গম, যা খুব শিগগিরই গুদামজাত করতে হবে। মজুত ক্ষমতা ও মজুতের পরিমাণের যোগ-বিয়োগ করলে বর্তমানে গুদামে জায়গা আছে মাত্র ছয় লাখ টনেরও কম খাদ্যশস্যের।
প্রশ্ন উঠেছে, ওই ছয় লাখ টন ধারণক্ষমতায় কীভাবে নতুন ১৮ লাখ টন খাদ্য গুদামজাত করা হবে? এর উত্তরে খাদ্য অধিদপ্তর বলছে, তারা গুদাম দ্রুত ফাঁকা করার কৌশল হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে খাদ্য বণ্টনের পরিমাণ বাড়াবে। কিন্তু গত কয়েক মাসের খাদ্য বণ্টনের চিত্রটি আশাব্যঞ্জক নয়। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা), খোলা বাজারে চালসহ (ওএমস) বিভিন্ন কর্মসূচির গতি বেশ ধীর। এ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত খোলা বাজারে মোট দুই লাখ টন চাল ও গম বণ্টন করা হয়েছে। গত বছরের একই সময়ে ২ লাখ ৪১ হাজার টন বণ্টন হয়েছিল। আর মোট বিতরণ এ বছর হয়েছে ১০ লাখ টনের কিছুটা বেশি। গত বছর তা ১১ লাখ টনের বেশি ছিল।
এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, দেশের খাদ্য ব্যবস্থাপনা পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখানে সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। ভারত থেকে কম দামে কী পরিমাণ চাল এখনো দেশে আসছে, তা কত দামে কেনা হচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে—এই সব মিলিয়ে একটি মূল্যায়ন হওয়া দরকার। সরকার চাইলে আমদানি শুল্ক বাড়ানো ছাড়াও আমদানিকারকদের ব্যাংকঋণের সুদের হার বাড়িয়ে চাল আমদানিকে নিরুৎসাহিত করতে পারে।
তবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মনে করেন, সরকারের খাদ্যব্যবস্থাপনা ভালোভাবে এগোচ্ছে। বোরো ওঠার আগেই সরকারি গুদামে প্রয়োজনীয় জায়গা খালি হয়ে যাবে।