চাল উৎপাদন ও সরবরাহ স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান অবরোধ-হরতালে কুষ্টিয়ায় চাল উৎপাদন ও সরবরাহ প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে মিলমালিকেরা লোকসানের মুখে পড়ছেন। এর সঙ্গে জড়িত শ্রমিক-কর্মচারীরাও পড়েছেন বিপাকে।
জেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল, খাজানগর, দোস্তপাড়া, শান্তিমোড়, বল্লভপুর, আইলচারা ও পোড়াদহে প্রায় সাত কিলোমিটারে চাল প্রস্তুত অঞ্চল গড়ে উঠেছে। এ এলাকায় চালকল ২৫০টি, অটো রাইস মিল ২০টি ও সেমি অটো রাইস মিল (বাছাই) রয়েছে প্রায় ৫০টি। দেশে প্রয়োজনীয় চালের বড় অংশ এ অঞ্চল থেকে সরবরাহ করা হয়।
চাল সরবরাহের জন্য দোস্তপাড়া ও আইলচারা বাজারে কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দুটি কার্যালয় আছে। ওই দুটি কার্যালয়ের দপ্তর সম্পাদক ও দপ্তর সহকারী সূত্রে জানা যায়, স্বাভাবিক অবস্থায় এ অঞ্চল থেকে প্রতিদিন উৎপাদিত দেড় হাজার টন চাল ১০০ ট্রাকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। প্রতি ট্রাকে চাল থাকে ১৫ টন। এখন সেখানে ৩৫ থেকে ৪০টি ট্রাক ঝুঁকি নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।
জানা গেছে, এক মাসের হরতাল-অবরোধে অর্ধেকের বেশি মিল উৎপাদন বন্ধ করে দিয়েছে। ধানও সংগ্রহ করতে পারছেন না মিলমালিকেরা। এ অবস্থায় এই শিল্পে জড়িত প্রায় ১৫ হাজার শ্রমিক-কর্মচারী অসহায় হয়ে পড়েছেন।
বল্লভপুরে মা ভান্ডারী অটো রাইস মিলের পরিচালক আসাদুল ইসলাম বলেন, সাধারণত প্রতি মাসে তিনি ৯০ ট্রাক চাল সরবরাহ করেন। কিন্তু গত এক মাসে মাত্র ১০ ট্রাক চাল সরবরাহ করেছেন। এই এক মাসে তিনি এক মণ ধানও আনতে পারেননি। প্রতিদিনই চালের চাহিদা রয়েছে। কিন্তু দিতে পারছেন না। তাঁর প্রতিষ্ঠানে প্রায় ১২০ জন শ্রমিককে বসিয়ে রেখে এক মাসের বেতন দিয়েছেন। এ অঞ্চলের চাল ব্যবসায়ীরা প্রতিদিন চার থেকে পাঁচ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আইলচারার ট্রাকচালক জালাল উদ্দিন বলেন, আগে তিনি মাসে ১৭-১৮টি ট্রিপ (মালামাল নিয়ে যাত্রা) দিতেন। এক মাসে মাত্র পাঁচটি ট্রিপ দিয়েছেন। অবশিষ্ট দিনগুলোতে বসেই ছিলেন।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, অবরোধ-হরতালে এক মাসে মিনিকেট চালের দাম কেজিপ্রতি বেড়েছে দেড় থেকে দুই টাকা। রাজনৈতিক পরিস্থিতিতে মিলমালিকেরা ধান আমদানি করতে পারছেন না।