চাল উড়ে গেলেও থেমে নেই পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর ছোবলে বিধ্বস্ত হয়ে যাওয়া বগুড়ার কাহালুর জিয়াখুর উচ্চবিদ্যালয়ের চেহারা এখনো আগের মতো আছে। কিন্তু থেমে নেই শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয় মাঠেই বেঞ্চ পেতে গত সোমবার থেকে শুরু করে হয়ে গেছে পাঠদান।
৪ এপ্রিল বিকেলে বগুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কাহালুর এই উচ্চবিদ্যালয়সহ কলমা রাহমানিয়া ফাজিল মাদ্রাসা এবং শতাধিক বাড়ির টিনের ছাউনি উড়ে যায়। নিহত হন দুজন লোক।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, জিয়াখুর উচ্চবিদ্যালয় ভবনের পাঁচটি শ্রেণিকক্ষের সব টিনের চাল উড়ে গেছে। ঝড়ের পর বৃষ্টিতে শ্রেণিকক্ষে জমেছে কাঁদা পানি। কিন্তু বিদ্যালয়ের মাঠে বেঞ্চ পেতে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করে খোলা আকাশের নিচেই শিক্ষকেরা পাঠদান করছেন।
ফয়সাল হোসেন ও আফরুজা বেগম নামের দুই শিক্ষার্থী জানায়, ঝড়ের পরদিন এসে নিজেদের বিদ্যালয়ই তারা চিনতে পারছিল না। সব শ্রেণিকক্ষের চাল উড়ে গেছে। কক্ষের ভেতরে কাদা, পানি থিকথিক করছে। বিদ্যালয়ের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বেশ কয়েকজন শিক্ষার্থী বলে, কবে যে ক্লাসরুম মেরামত হবে আর রোদ-বৃষ্টি মাথায় নিয়ে মাঠে বসে এভাবে কতদিন যে ক্লাস করতে হবে আল্লাহই জানে।
প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, ‘১৯৯৭ সালে স্থানীয় লোকজনের সহায়তায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই শ শিক্ষার্থী রয়েছে। ৪ এপ্রিল বিকেলে ক্লাস শেষে আমরা স্কুল ত্যাগ করি। ওই বিকেলেই ঝড়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। খবর পেয়ে রাতেই বিদ্যালয়ে এসে প্রয়োজনীয় কাগজপত্র বাড়ি নিয়ে যাই। ক্ষয়ক্ষতির প্রাথমিক একটি হিসাব করে ইউএনও মহোদয়ের কাছে সাহায্যের জন্য আবেদন করেছি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব বলেন, কাঁচা-পাকা বাড়ি ও স্কুল-মাদ্রাসা মিলিয়ে প্রাথমিক হিসেবে ৫০ থেকে ৬০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, ‘পরের দিনই উপজেলার ক্ষতিগ্রস্তগুলো গ্রাম এবং ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে চেক দেওয়া হয়েছে। ’