চাল ও আটার চেয়ে ভুসির দাম বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে চাল ও আটার চেয়ে গরুর খাবার ভুসি বেশি দামে বিক্রি হচ্ছে।
উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছি, সলঙ্গাসহ সাত-আটটি হাটবাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে গরুর খাবার হিসেবে গমের ভুসি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩৭ কেজির প্রতি বস্তা ভুসি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৭০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ চাল ও আটার দাম ভুসির চেয়ে কম। মোটা চাল প্রতি কেজি ২২ থেকে ২৪ টাকা, চিকন চাল ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আটা প্রতি কেজি ২০ থেকে ২২ টাকা।
গরু পালনকারী পাঁচজন বলেন, প্রতিবছর কোরবানি ঈদ সামনে রেখে ভুসির দাম বেড়ে যায়। ফলে সারা বছর গরু পালন করে এ সময় বেশি দামে বিক্রি করলেও তেমন লাভ হয় না।
ধানগড়া বাজারের চাল-ভুসির ব্যবসায়ী আবদুল লতিফ সরকার বলেন, সারা বছর ভুসির বাজার প্রায় স্বাভাবিক থাকলেও কোরবানির ঈদের আগে সব গরু পালনকারী একসঙ্গে বেশি করে ভুসি কিনে রাখায় দাম কিছুটা বাড়ে। তবে বর্তমানে ভুসির দাম কমতির দিকে বলে তিনি জানান।
চাল ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, কয়েক বছর ধানের উৎপাদন ভালো বলে চালের দাম কম যাচ্ছে। কিন্তু ভুসির দাম কেন বাড়ে তা ব্যবসায়ীরাই বলতে পারবেন বলে তিনি জানান।