ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের খাদ্যগুদামের প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চাল ও গম খোয়া যাওয়ার ঘটনা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ধোবাউড়া থানার পুলিশ মামলাটি তদন্ত করার জন্য দুদককে লিখিতভাবে অনুরোধ করে।
গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুজ্জামান খান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উসমান গনি চাল ও গম কালোবাজারে বিক্রি করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পোড়াকান্দলিয়া খাদ্যগুদাম পরিদর্শনে যান। এ সময় তাঁরা ওই গুদামে গিয়ে প্রায় ১১৮ টন চাল ও ৩১ টন গমের হদিস পাননি। চাল ও গম কালোবাজারে বিক্রির করে দেওয়ার অভিযোগ এনে উপজেলা খাদ্য পরিদর্শক শামীম আহমেদ বাদী হয়ে গত শুক্রবার ওই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজাউল কবীরের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা করেন। গতকাল মামলাটি গুরুত্ব সহকারে তদন্তের জন্য দুদকের ময়মনসিংহ কার্যালয়ে পাঠানো হয়।
ইউএনও ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের হিসাব অনুয়ায়ী, খাদ্যগুদামে মোট ৭২০ টন চাল ও ২৭৪ টন গম মজুত থাকার কথা। কিন্তু ইউএনওর সামনে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করেও ১১৮ টন চাল ও ৩১ টন গমের হিসাব দিতে পারেননি। ঘটনার পরপরই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উসমান গনি বলেন, ‘এ ঘটনায় আমরা রেজাউল কবীরকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেছি।’
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি দুদকে পাঠানো হয়েছে।
দুদকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘মৌখিকভাবে আমাকে বিষয়টি জানানো হয়েছে। লিখিত পাওয়ার পর তদন্তের কাজ শুরু হবে।’
পোড়াকান্দলিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল কবীর বর্তমানে পলাতক। তবে তিনি গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘একজন ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছেন। চাল ও গম কম থাকার ব্যাপারে আমার কিছু জানা নেই।’