পবিত্র রমজান উপলক্ষে বাজারমূল্যের চেয়ে কেজিপ্রতি ১৫-১৭ টাকা কম দরে দুটি পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে এ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম চেম্বার হাউসের সামনে অস্থায়ী বিক্রয়কেন্দ্র খুলে সেদ্ধ ও আতপ চাল কেজিপ্রতি ২৮ টাকা এবং চিনি কেজিপ্রতি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১ কেজি করে চিনি একবার কিনতে পারবেন এ বিক্রয়কেন্দ্র থেকে। ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ বিক্রয়কেন্দ্র খোলা থাকবে।
গতকাল খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৬৫ টাকা এবং সেদ্ধ চাল ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। সে হিসাবে চট্টগ্রাম চেম্বারের বিক্রয়কেন্দ্রে দুটি পণ্য বাজারদরের চেয়ে প্রতি কেজিতে ১৫-১৭ টাকা করে কম।
উদ্বোধন অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, পবিত্র রমজানে গরিব মানুষেরা যাতে কম মূল্যে পণ্য ক্রয় করতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগে বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার পরিচালক এ কে এম আকতার হোসেন, কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী, এম এ মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর চেম্বার সভাপতি কয়েকজন ক্রেতার হাতে নায্যমূল্যের পণ্য তুলে দেন। এ সময় বিক্রয়কেন্দ্রের সামনে ৪০-৫০ জন ক্রেতার ভিড় ছিল।
আগ্রাবাদের একটি বস্তির বাসিন্দা সুলতানা বেগম বিক্রয়কেন্দ্রের সামনে প্রথম আলোকে বলেন, বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রির খবর শুনে তিনি এসেছেন। তবে চাল, চিনির পাশাপাশি ছোলাসহ আরও কয়েকটি পণ্য থাকলে গরিব মানুষের উপকার হতো বলে তিনি জানান।
মাহফুজুর রহমান নামে এক শ্রমিক বলেন, রোজার সময় ছাড়াও সব সময় কম মূল্যে পণ্য বিক্রি হলে গরিব মানুষদের জন্য ভালো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে দুটি পণ্য বিক্রি হলেও পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে তাঁদের।