চাল ও ডালসহ পাঁচটি পণ্যের দাম নাগালে রাখার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও আটা—এই পাঁচটি পণ্যকে জরুরি জাতীয় পণ্য বিবেচনা করে এসবের দাম জনগণের নাগালের মধ্যে রাখার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ারও পরামর্শ দিয়েছে কমিটি।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তহুরা আলী, আবুল কাশেম, রুমানা মাহমুদ এবং শেখ আফিল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্যকে কমিটি জাতীয় পণ্য হিসেবে গণ্য করার সুপারিশ করেছে। তিনি বলেন, ‘আমরা জাতীয় পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছি ঠিকই, কিন্তু কোনো মানদণ্ড এখনো ঠিক করিনি। সাধারণ মানুষের ভোগ্যপণ্যের তালিকায় এটি অতি প্রয়োজনীয় বিবেচনায় এ সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে।’আবুল কাশেম বলেন, আসন্ন রমজান মাসে কোনো অসাধু চক্র যাতে কোনো পণ্যের দাম অতিমূল্যায়িত করতে না পারে, সে জন্য কমিটি আগে থেকেই মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।