চাল ও সয়াবিন তেলের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধে এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে চালের পাশাপাশি বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। তবে পেঁয়াজের ঝাঁজ কমেছে। কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত দাম কমেছে পেঁয়াজের।
কারওয়ান বাজার ও নারিন্দা কাঁচাবাজার ঘুরে গতকাল শুক্রবার এই চিত্র দেখা গেছে। সরবরাহ ভালো থাকায় সবজির দাম আগের মতোই আছে। হরতাল-অবরোধের কারণে শীতকালীন সবজির দাম অন্যান্য বছরের এ সময়ের তুলনায় বেশি।

চাল ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধে সরবরাহব্যবস্থা এলোমেলো থাকায় বেশ কিছুদিন ধরে চালের বাজার অস্থির। চালকলমালিকেরা চাহিদার তুলনায় কম ধান সংগ্রহ করেছেন। আর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় মোকাম থেকে পাইকারেরা বেশি চাল কিনছেন না। ফলে বাজারে চালের সংকটের পাশাপাশি দামও বাড়তি।

রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল প্রতি কেজি সাধারণ মানের নাজিরশাইল ৪০-৪৬ ও ভালো মানের ৪৭ থেকে ৫৬ টাকা, সাধারণ মানের পাইজাম ও লতা ৩৯-৪০, ভালো মানের পাইজাম ও লতা ৪২-৪৪, মোটা চাল ৩৪ থেকে ৩৬ টাকায় বিক্রি হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই হিসাব দিয়ে বলেছে, গত সপ্তাহে চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে।

তবে গত সপ্তাহে চালের বাজার বেশ ওঠা-নামা করে। সব ধরনের চালের দাম কেজিতে দুই-তিন টাকা পর্যন্ত বেড়েছে জানিয়ে বাবুবাজারের জুয়েল রাইস এজেন্সির মালিক মো. নাঈম মিয়া বলেন, ‘অবরোধের কারণে ট্রাক আসতে পারছে না। তাই চালের বাজার অস্থির। রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলেই চালের বাজার স্বাভাবিক হয়ে যাবে।’

সারা দেশে চালের চাহিদার একটি বড় অংশ খাজনগর থেকে সরবরাহ করা হয়। প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজনগরে গত ১০ দিনের ব্যবধানে মিনিকেট চাল কেজিতে তিন-চার টাকা পর্যন্ত বেড়েছে। ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেট বিক্রি হচ্ছে দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৩০০ টাকায়। কয়েক দিন আগেও যা ছিল এক হাজার ৯০০ টাকা।

কুষ্টিয়া জেলা চালকলমালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, আগের তুলনায় ট্রাকভাড়া বাবদ খরচ পাঁচ-ছয় হাজার টাকা বেড়েছে। অনেক ট্রাকচালক যেতে চাচ্ছেন না। ধানও কম। সব মিলিয়ে চালের দাম বাড়ছে।
দেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক শাহিন আলম বলেন, চাল সরবরাহ করতে না পারায় তিনি দুই ভাগ উৎ পাদন কমিয়ে দিয়েছেন। উৎ পাদিত চালও মোকামে জমে গেছে। চাল সরবরাহ করতে না পারায় তাঁর চালকলে গড়ে প্রতিদিন দেড় লাখ টাকা ক্ষতি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়তি, পেঁয়াজের কমেছে: কারওয়ান বাজারে দেখা গেছে, এক লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেলের দর দুই টাকা বেড়ে ১১৯-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ৬০০-৬০৫ টাকা। গত সপ্তাহে বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল ৫৮০-৫৮৫ টাকায় বিক্রি হয়। অবশ্য খোলা সয়াবিন তেলের দাম বাড়েনি।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে বাজারভেদে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। গতকাল কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হয়। প্রতি কেজি নতুন আলু ২০, পুরোনো আলু ১৪, লাল আলু ২৫, মরিচ ৪০, টমেটো ২০, গাজর ২০-২৫, শিম ২০, লম্বা বেগুন ২৫, গোল বেগুন ৪০, করলা ৩৫-৪০, মাঝারি আকারের ফুল ও বাঁধাকপি ২০-২৫, পেঁপে ১৫ ও মটরশুঁটি ৪০-৬০ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহেও দাম প্রায় একই ছিল।