চাল কম দেওয়ায় জেলেদের বিক্ষোভ
ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগে ভোলার লালমোহন উপজেলার ফরাসগঞ্জে জেলেরা গতকাল বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা চাল বিতরণ কমিটির লোকদের ওপর চড়াও হন। এ অবস্থায় কমিটি চাল বিতরণ বন্ধ করে দেয়।ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্র জানায়, ফরাসগঞ্জ ইউনিয়নের আশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা ১১টার দিকে আট শতাধিক জেলের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা শুরু হয়। প্রত্যেক জেলে পরিবার দুই মাসের জন্য (ফেব্রুয়ারি-মার্চ) ৬০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু চাল পরিবহন, অফিস খরচ ও ঘাটতির কথা বিবেচনায় এনে বিতরণ কমিটি ৫৬ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রায় ১৫ জনকে জেলেদের চাল বিতরণের পর অনেকে অভিযোগ করেন, তাঁদের ৫৬ কেজিরও কম চাল দেওয়া হয়েছে। এরপর জেলেরা বিক্ষোভ মিছিল করেন এবং বিতরণ কমিটির লোকদের ওপর চড়াও হন। এ সময় উপস্থিত ছয়-সাতজন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। পুলিশ বিক্ষুব্ধ জেলেদের সেখান থেকে তাড়িয়ে দিলেও তাঁরা দূরে গিয়ে ফের বিক্ষোভ করেন। একপর্যায়ে তদারক কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান চাল বিতরণ বন্ধ করে দেন। তদারক কর্মকর্তা আবদুল মান্নান ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ জানান, চাল ৫৬ কেজিই দেওয়া হচ্ছিল, তবে বালতি ভরে দেওয়ায় একটু কম-বেশি হতে পারে। গতকাল ১ নম্বর ওয়ার্ডের মো. মরণকে (কার্ড নম্বর-৮৭) দেওয়া চাল মেপে পাওয়া গেছে ৫১ কেজি। মো. নশু মাঝিকে (কার্ড নম্বর-১১১) দেওয়া হয়েছে ৪৯ কেজি। এমনই আরও অনেককে চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, চাল বিতরণের সময় জেলেরা ও স্থানীয় কিছু লোক ঝামেলা করার চেষ্টা করছিল, তাই বিতরণ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল (আজ) আবার চাল বিতরণ করা হবে।