চাল কলের বয়লার বিস্ফোরণে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের নাগড়া আবাসিক এলাকায় একটি চাল কলের বয়লার বিস্ফোরণে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রোববার বেলা পৌনে চারটার নাগড়া আবাসিক এলাকার পদ্মা অটো রাইস মিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম (৪৫) ও খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের নরোত্তম চৌধুরী (৪৮)। নরোত্তম শহরের নাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে পদ্মা অটো রাইস মিলের চাল সেদ্ধ করার বয়লারটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে চাল কলে আগুন লেগে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মিলের সাত জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমিরুল, নরোত্তম ও জামাল উদ্দিন নামের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ও নরোত্তমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কথা বলতে ওই চাল কলের মালিক দুই ভাই বিপ্লব চন্দ্র দাস ও বিপুল চন্দ্র দাসের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।