ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ করতে স্থানীয় সাংসদ চার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছিলেন। আট মাস আগে জেলা আওয়ামী লীগের নেতা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আজিজুর রহমান সেই চাল তুলে বিক্রিও করেছেন। কিন্তু শহীদ মিনার নির্মাণ করা হয়নি।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, ওই টাকা আত্মসাৎ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর আজিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি শিগগির কাজ শুরু করবেন বলে জানান। তিনি দাবি করেন, শহীদ মিনারের নির্মাণকাজ চার মেট্রিক টন চাল বিক্রির টাকায় সম্পন্ন হবে না। তাই তিনি আরও সাহায্যের অপেক্ষায় আছেন। সাহায্য পেলে ভালোভাবে কাজটি সম্পন্ন করবেন।
ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এলাকার মানুষের দাবি ছিল স্কুলের প্রাঙ্গণে একটি শহীদ মিনার নির্মাণের। কিন্তু টাকার অভাবে সেটি করা যাচ্ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁরা ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের কাছে শহীদ মিনার নির্মাণের জন্য বরাদ্দ দাবি করেন। গত বছরের শেষ দিকে তিনি শহীদ মিনার নির্মাণের জন্য ওই চাল বরাদ্দ দেন। বরাদ্দ পাওয়ার পর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান সভাপতি এবং প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে সদস্যসচিব করে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এরপর আজিজুর রহমান সংশ্লিষ্ট দপ্তর থেকে চাল উত্তোলন করে বিক্রি করেছেন। কিন্তু আজ পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করা হয়নি।
হরিণাকুণ্ডু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সাংসদ উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের জন্য চার মেট্রিক টন করে ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেন। ২০১২ সালের নভেম্বর ও ২০১৩ সালের জানুয়ারি মাসে দুই দফায় এই চাল উত্তোলন করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা।
মকিমপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনার নির্মাণকাজ বাস্তবায়ন কমিটি গত বছরের ২৭ নভেম্বর দুই মেট্রিক টন চাল উত্তোলন করেন। এরপর কাজের অগ্রগতি দেখিয়ে ২০১৩ সালের ২৮ জানুয়ারি আরও দুই মেট্রিক টন চাল উত্তোলন করেছে। এই চার মেট্রিক টন চালের সরকারি মূল্য এক লাখ ২৪ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় ও সালেহা খাতুন মহিলা কলেজ কর্তৃপক্ষ একই সময়ে চাল উত্তোলন করে শহীদ মিনার নির্মাণকাজ সম্পন্ন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, চাল বিক্রির টাকা সভাপতির কাছে। তিনি কমিটির সদস্যসচিব মাত্র। এর বেশি তিনি কিছুই জানেন না। তবে সভাপতি দ্রুত কাজটি শুরু করবেন বলে তাঁদের জানিয়েছেন।
আর হরিণাকুণ্ডু উপজেলার পিআইও নিরঞ্জন চক্রবর্তী জানান, প্রকল্প সভাপতিকে তিনি বার বার তাগাদা দিয়েছেন। কিন্তু তিনি কাজটি শুরু করেননি। বিষয়টি তিনি দেখবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বসার জানান, চাল উত্তোলন করে কাজ না করলে সেটা কোনোভাবেই ছাড়া হবে না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে আইনগত পদক্ষেপ নেবেন।