চাল দেবে বন্ধ কল!
নওগাঁর মহাদেবপুর ও রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারিভাবে আমন চাল সংগ্রহে দুর্নীতির আশ্রয় নিয়ে পরিত্যক্ত ও বন্ধ একাধিক চালকলের সঙ্গে চুক্তি করা হয়েছে। উৎকোচের বিনিময়ে চাল সংগ্রহ কার্যক্রমের সঙ্গে জড়িত সরকারি লোকজন বন্ধ চালকলগুলোকে সরকারি গুদামে চাল সরবরাহের অনুমোতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মহাদেবপুর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রতি কেজি ৩২ টাকা দরে উপজেলার মহাদেবপুর, মাতাজী ও মহিষবাথান খাদ্যগুদামে এ বছর ৪ হাজার ৩৮৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ৩৭৩টি চালকল মালিকের সঙ্গে চুক্তি করা হয়েছে। চলমান চালকল, আলাদা চাতাল, বিদ্যুৎ-সংযোগ, ধান সেদ্ধ করার হাউস, বয়লার ও গুদামঘর থাকা সাপেক্ষে এসব চালকলের সঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের এ চুক্তি করার কথা।
অথচ বরাদ্দ দেওয়া হয়েছে—এমন ৪০ থেকে ৪২টি চালকলে গত শনি ও রোববার ঘুরে অন্তত ১৫টি মিলই বন্ধ পাওয়া যায়। রঘুনাথপুর এলাকায় অবস্থিত সরদার রাইস মিল দুই বছর ধরে বন্ধ রয়েছে বলে এর মালিক তাহের উদ্দীন সরদার জানান। তিনি বলেন, ‘ব্যবসায় লোকসান হওয়ায় দুই বছর ধরে মিলটি চালাতে পারিনি। মালিক সমিতির নেতাদের ধরে খাদ্য বিভাগ থেকে আমনের বরাদ্দ পেয়ে কোনোরকমে টিকে আছি।’
সারতা এলাকায় ইসলাম চালকলে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় ধান সেদ্ধ করার স্থানে ঘাস জন্মে গেছে। ধান শুকানোর চাতালের একটি অংশে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে মুরগির খামার করা হয়েছে।
চালকলটির মালিক নুরুল ইসলাম বলেন, আমন মৌসুমে তাঁরা সাড়ে সাত মেট্রিক টন চাল সরবরাহের বরাদ্দ পেয়েছেন। মাতাজী খাদ্যগুদামের ওসি-এলএসডিকে বস্তাপ্রতি (৫০ কেজি) ৩৫ টাকা করে উৎকোচ দিতে হয়েছে।’
সরস্বতীপুর এলাকার চালকলের মালিক নুর মোহাম্মদ বলেন, ‘ব্যবসা চালাতে না পেরে মিলের গুদামঘর ভাড়া দিয়ে দিয়েছি। বাজার থেকে চাল কিনে সরকারি খাদ্যগুদামে বরাদ্দের চাল দিতে হয়েছে।’ মহাদেবপুর খাদ্যগুদামে বরাদ্দের চাল দিতে প্রতি বস্তায় ৩৫ টাকা করে ঘুষ দিতে হয়েছে বলে জানান তিনি।
মহাদেবপুর সদরের খাদ্যগুদামের ওসি-এলএসডি এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে মিলারদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি। এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার বলেন, চালকল মালিক সমিতি থেকে দেওয়া তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় শর্ত পূরণ করা মিল মালিকদেরই বরাদ্দ দেওয়া হয়েছে।
চালকল মালিক সমিতির সভাপতি ওসমান গণি উৎপাদন বন্ধ রয়েছে—এমন কিছু মিলকে বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এক শটার মধ্যে দু-একটি মিলের ক্ষেত্রে এমনটি হতে পারে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, অনিয়ম হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নাম গোপন রাখার শর্তে বাগমারার চারজন চালকল মালিক বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে অন্তত পাঁচটি বন্ধ মিলের মালিক বরাদ্দ নিয়েছেন। সরকার ৩১ টাকা কেজি দরে চাল কিনলেও বাজারে ওইসব চাল বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকা কেজি দরে। বরাদ্দ পাওয়া চালকলগুলোর মধ্যে দাদা, রায়হান, তাহের, শামসুল হক ও সালেহা-ইমারত চালকল তিন–চার বছর ধরে বন্ধ।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ২৭টি নিবন্ধিত চালকলের মধ্যে মোট ১৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। আগামী ১৫ মার্চ পর্যন্ত চাল নেওয়া হবে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও সরেজমিনে গিয়ে উপজেলার পাঁচটি চালকল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের তাহের চালকলটি চার বছর ধরে বন্ধ। তারপরও এর নামে ৬ দশমিক ৭৯১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে চালকলটি বন্ধ রয়েছে। চালকল মালিক তাহেরের ছেলে জাহেদুল ইসলামও চালকলটি বন্ধ থাকার কথা স্বীকার করেন। তবে বরাদ্দ পেতে কাউকে ঘুষ দেননি বলে দাবি করেন তিনি।
উপজেলার নাগপাড়ার সালেহা-ইমারত চালকলটিও চার বছর ধরে বন্ধ বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এই চালকলের মালিক স্থানীয় সাংসদ এনামুল হকের ছোট ভাই রেজাউল করিম। এই চালকলের নামে ৭ দশমিক ৪৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
গোয়ালকান্দি ইউনিয়নের হাসানপুরের রায়হান চালকল বন্ধ চার-পাঁচ বছর ধরে। এই চালকলের নামে ৭ দশমিক ৪৫৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, চালকলগুলোর নবায়নপত্র এবং যন্ত্রপাতি ঠিক আছে কি না দেখে বরাদ্দ দেওয়া হয়েছে।