চাল ধসে টঙ্গীর ইজতেমা ময়দানে আহত ৩০
টঙ্গীর ইজতেমা ময়দানের গুদামঘরের পাশে টিনের ছাপরাঘরের চাল ধসে পড়ে প্রায় ৩০ জন মুসল্লি আহত হয়েছেন। আহত মুসল্লিদের টঙ্গী সরকারি হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লিরা জানান, জুমার নামাজের পর বেলা সোয়া দুইটার দিকে হঠাৎ করে টিনের ছাপরাটির চাল ধসে পড়ে। এতে সেখানে অবস্থানরত ৩০-৩৫ জন মুসল্লি আহত হয়েছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ও ময়দানে থাকা অন্য মুসল্লিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে টঙ্গী হাসপাতালে পাঠিয়েছেন। পুরোনো ওই ঘরটি সংস্কার না হওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে।
ইজতেমার ময়দানের মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ইজতেমার সাথিরা ওই ছাপরাঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করে দমকা বাতাসে ওই ছাপরার চাল ভেঙে তাঁদের ওপর পড়ে। এতে ৩০ থেকে ৩৫ জনের মতো মুসল্লি আহত হন। তাঁদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। ওই ঘরটিতে মুসল্লিরা নামাজ পড়েন ও রাত্রিযাপন করেন।
টঙ্গী ৫০ শয্যার সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মামুন বলেন, আহত মুসল্লিদের অনেকেরই টিনের আঘাতে কেটে গেছে। তবে তিনি আহত মুসল্লিদের সঠিক সংখ্যা জানাতে পারেননি।