একই মালিকের পাশাপাশি দুটি ব্যবসাপ্রতিষ্ঠান। একটি চালের আড়ত। আরেকটি ভোগ্যপণ্যের পাইকারি দোকান। ব্যবসাপ্রতিষ্ঠান দুটির একই নাম, সততা স্টোর। গত ২৩, ২৪ ও ২৫ জুলাই টানা তিন দিন বৃষ্টি ও জোয়ারজনিত জলাবদ্ধতায় পানি ঢোকে আড়ত ও দোকানে। এতে বস্তা ভিজে চালসহ কয়েক লাখ টাকার পণ্য নষ্ট হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ১১ দিনের মাথায় আগুনে পুড়ে গেছে আড়ত আর দোকানটি।
ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাইয়ে গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডে সততা স্টোরের মতো ১৫টি আড়ত ও ভোগ্যপণ্যের পাইকারি দোকান পুড়ে গেছে। মালামালের পাশাপাশি এসব দোকানে ক্যাশবাক্সে থাকা নগদ কয়েক লাখ টাকাও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অন্তত ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। তাঁদের অভিযোগ, আগুন নেভাতে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়নি। যদিও ফায়ার সার্ভিস এই অভিযোগ স্বীকার করেছে। প্রতিষ্ঠানটির প্রাথমিক হিসাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা।
সততা স্টোরের মালিক মো. সেলিম বলেন, আগুনে তাঁর ১ কোটি ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। নগদ ৪ লাখ ৯ হাজার টাকা পুড়েছে। এর আগে জলাবদ্ধতায় তাঁর ৩ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছিল। আড়তটি অর্ধেক পুড়লেও মুদির দোকান একেবারে ছাই হয়ে গেছে। এই ধাক্কা কীভাবে সামলাবেন তা বুঝে উঠতে পারছেন না।
গতকাল সকালে চাক্তাই গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া একটি আড়তে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে আধপোড়া চাল। ধোঁয়া উঠছে সেখান থেকে। যে চালের বস্তাগুলো পোড়েনি, সেগুলো ফায়ার সার্ভিসের পানিতে ভিজে একাকার। পোড়ার হাত থেকে রক্ষা পাওয়া চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা করছিলেন আড়তের কর্মচারীরা।
ব্যবসায়ীরা বলেন, আগুনে ৩টি চালের কল, ৬টি বড় চালের আড়ত, ২টি মুদি দোকানসহ ১৫টি দোকান পুড়েছে। এ ছাড়া ১টি মোটর ওয়ার্কশপও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া আড়ত ও দোকানের মধ্যে রয়েছে আজমির রাইচ মিল, জিলানী রাইচ মিল, মদিনা রাইচ মিল, সততা স্টোর, মোহাম্মাদিয়া এন্টারপ্রাইজ, শাহ নূর এন্টারপ্রাইজ, হাজি বি জামান এন্টারপ্রাইজ, হারুন অ্যান্ড ব্রাদার্স, এম স্টোর, সততা স্টোর (মুদি) ও নূর স্টোর।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, এর আগে বৃষ্টিতে কয়েকবার চাক্তাই-খাতুনগঞ্জ পানিতে ডুবে গিয়েছিল। এবার আগুনে বড় ক্ষতির মুখে পড়েছেন বেশ কয়েকজন। অবকাঠামো বাদে ক্ষয়ক্ষতি ৭ কোটি টাকার মতো হবে।
ব্যবসায়ীরা জানান, শনিবার ব্যাংক বন্ধ থাকায় বেচাবিক্রির টাকা দোকানেই ছিল। ওই টাকা পুড়ে গেছে। মুদি দোকানগুলোতে তেলের ড্রাম ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানগুলো থেকে বকেয়া খাতাও বের করতে পারেননি অনেক ব্যবসায়ী।
হারুন অ্যান্ড ব্রাদার্সের মালিক হারুনুর রশিদ বলেন, ‘গেল বন্যায় (জলাবদ্ধতায়) আমরা একবার ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার আগুনে সব শেষ হয়ে গেছে। আমার তিন হাজার বস্তা চাল পুড়ে গেছে। নগদ টাকা পুড়েছে প্রায় ৩ লাখ। বকেয়া খাতাও পুড়ে গেছে। ওই টাকা আদায় কীভাবে করব জানি না।’
মদিনা রাইচ মিলের চালের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশও পুড়ে গেছে। মিলের মালিক জাহাঙ্গীর আলম বলেন, দুই হাজার বস্তা চাল পুড়ে ছাই হয়ে গেছে। যন্ত্রপাতিও পুড়ে গেছে। কমপক্ষে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।
আগুন নেভাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি—ব্যবসায়ীদের এমন অভিযোগের বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎলাইন বন্ধ না হওয়ায় শুরুতে পানি ছিটানো যায়নি। তখন পানি দিলে বিদ্যুতায়িত হয়ে মানুষ মারা যেত। তিনি বলেন, যখন আগুন লাগে তখন ভাটা ছিল। যে কারণে চাক্তাই খাল থেকে পানি সংগ্রহ করতে সমস্যা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে গতকাল সকালে কথা বলে জানা যায়, ভোর পৌনে চারটায় নতুন চাক্তাই মোড়ে চালের আড়তে আগুন লাগার সংবাদ পান তাঁরা। এরপর পর্যায়ক্রমে ১২টি পানির গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। আগুনের সময় দৌড়াদৌড়িতে দুই দোকান কর্মচারী আহত হন। আহত দুজনের মধ্যে মুসলিম উদ্দিন নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউসুফ নামের অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনই হারুন অ্যান্ড ব্রাদার্সের কর্মচারী।