চাল না পাওয়ায় দুই হাজার পরিবারের ঈদ আনন্দ ম্লান
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভটেরচর গ্রামের ষাটোর্ধ্ব হেলেনা বেগম শত চেষ্টা করেও তাঁর জন্য নির্ধারিত ঈদের বিশেষ ভিজিএফ কার্ডটি হাতে পাননি। শেষে চাল পাওয়ার আশায় গত বুধবার ব্যাগ হাতে সকাল থেকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঠাই বসে ছিলেন তিনি। চোখের সামনে রাখা সারি সারি চালের বস্তার প্রতি তীর্থের কাকের মতো তাকিয়ে বেলা পার করে শূন্য হাতে বাড়ি ফিরতে হয় তাঁকে। চাল না পাওয়ায় তাঁর ঈদ ভালো কাটেনি।মনোবেদনা নিয়ে হেলেনা বলেন, ‘চেয়ারম্যান নাকি কার্ডের মধ্যে খালেদা আর তাঁর পুতের (তারেক রহমান) ছবি ছাপাইয়া দিছে। এই কারণে হাসিনার (আওয়ামী লীগ) লোকজন কার্ড বাটতে দিছে না। চাইল পাইছি না, ঈদ করুম কেমনে? ঘরে যা আছিল তা দিয়া কোন রহম দিন পার দিছি।’জানা যায়, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তারেক উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এই ইউনিয়নে ঈদের বিশেষ ভিজিএফ কার্ড বরাদ্দ হয় দুই হাজার ৮৫০টি। কার্ডে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করে চেয়ারম্যান তা বিতরণ করেন। এ থেকে ইউনিয়ন আওয়ামী লীগ বরাদ্দ পায় এক হাজার ২০০ কার্ড। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান চেয়ারম্যানের কাছ থেকে কার্ড বুঝে নেন। দলকে বাড়তি ফায়দা পাইয়ে দেওয়ার ভাবনা থেকে চেয়ারম্যান কৌশলে নিজ দলের নেতাদের ছবি ব্যবহার করেছেন—এমন অভিযোগ এনে আওয়ামী লীগ তাদের বরাদ্দের এক হাজার ২০০ কার্ড বিতরণ করেনি। একই সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি মেম্বারদেরও একই নির্দেশনা দেওয়া হয়। এতে ঈদের আগে প্রায় দুই হাজার দুস্থ মানুষ চাল পাওয়া থেকে বঞ্চিত হন। এদিকে রাজনৈতিক দলের নেতার ছবি ব্যবহার করার অভিযোগ পেয়ে গত বুধবার উপজেলা পরিষদ চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চাল বিতরণ না করতে চেয়ারম্যানকে নির্দেশ দিলে আরও অচলাবস্থার সৃষ্টি হয়। চাল না পাওয়ায় দুস্থ পরিবারের ঈদ আনন্দ ম্লান হওয়ার কথা নজরে এনে জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খান বলেন, ‘হাসিনার চাইলে খালেদার ছবি! এই কার্ড দিয়া চাইল (চাল) হাতে উঠব কেমনে?’ গত রোববার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায়, ভিজিএফের চাল না পেয়ে অনেক পরিবারের ঈদ আনন্দ ম্লান হয়ে যায়।কাঙ্গালিয়া গ্রামের হাফিছা বেগম (৬৫) বলেন, ‘ঈদের আগে চাইল পাইলে ভালা হইত। পেট ভইরা ভাত খাইতে পারতাম।’অভিযোগ বিষয়ে চেয়ারম্যান আবু তারেক বলেন, খালেদা জিয়ার ছবি থাকলে অসুবিধা হবে জানলে তা করতাম না। আওয়ামী লীগের লোকজনের বাধার কারণেই ঈদের আগে ভালোভাবে চাল বিতরণ করা যায়নি। এই কারণে দুস্থ পরিবার ঠিকমতো ঈদ করতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন বলেন, ‘সরকারি কর্মসূচিতে দলীয় কারও ছবি ব্যবহারের সুযোগ নেই। চেয়ারম্যান তা-ই করেছেন। এই জন্য তিনি আমাদের কাছে ক্ষমা চেয়েছেন।’