চাল নিতে এসে সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের
ঈদ উপলক্ষে বরাদ্দ দেওয়া বিশেষ ভিজিএফের চাল নিতে এসে প্রাণ হারিয়েছেন এক ভ্যানচালক। চাল আগে নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হন।গতকাল শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন শেখ (৪০) নামে ওই ভ্যানচালক মারা যান। তাঁর বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের মধ্যপাড়ায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর কার্যালয়ে ১ নম্বর ওয়ার্ডের চাল বিতরণ করছিলেন কাউন্সিলর আবুল কালাম আজাদ। এ সময় ইউসুফ শেখ নামে স্থানীয় একজন লাইনে দাঁড়ানো দেলোয়ারের পেছন থেকে এসে আগে চাল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এ সময় ইউসুফের পক্ষে ইউনুস এসে দেলোয়ারকে পেটাতে শুরু করে। এ নিয়ে চাল নিতে আসা লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। মারাত্মক আহত অবস্থায় দেলোয়ারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান।