চাল নিয়ে আ.লীগ নেতাদের চালবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঈদের আগে বিতরণের বাধ্যবাধকতা থাকলেও গত বৃহস্পতিবার তড়িঘড়ি করে নামমাত্র কিছু চাল বিতরণ করা হয়েছে। কার্ডধারীদের অধিকাংশই খবর না পাওয়ায় চাল নিতেও আসতে পারেননি।

এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের পরিবর্তে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরজ আলী মণ্ডলের নেতৃত্বে দলের স্থানীয় নেতারা ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করেন।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়। গ্রাম পুলিশ মোহন ও ঝাড়ুদার হালিমা বেগম ওজন করা ছাড়াই বালতি ভরে চাল দেন।

খোঁজ নিয়ে জানা গেল, ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেককে সাত থেকে আট কেজি করে দেওয়া হয়েছে। চেয়ারম্যানের সামনেই তাঁরা এসব অভিযোগ করেন। বেলা দেড়টার দিকে চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়। সংযুক্ত কর্মকর্তার (ট্যাগ অফিসার) অনুপস্থিতিতেই চাল বিতরণের কাজ চলে।   

ঈদ উপলক্ষে দামুড়হুদা ইউনিয়নে তিন হাজার ২৮২ জন দুস্থের জন্য ৩২ দশমিক ৮২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে ৫০১ জন দুস্থের জন্য পাঁচ টন ১০ কেজি চাল দেওয়া হয়। অন্যান্য ওয়ার্ডে ঈদের আগে চাল বিতরণ করা হলেও এ ওয়ার্ডে তা হয়নি।   

ইউপি সদস্য মাসুদ আলী বলেন, এ ওয়ার্ডে ৫০১টি ভিজিএফ কার্ডের মধ্যে চেয়ারম্যান ৩০ ও মহিলা সদস্য পাঁচটি কার্ড নিয়ে নেন। এরপর ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা নানামুখী চাপ দিতে থাকেন। তাই অভিমান করে সব কার্ডই চেয়ারম্যানকে ফেরত দেওয়া হয়। পরে তা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরজ আলী মণ্ডল নিয়ে নেন। ঈদের আগে ইউনিয়ন পরিষদে দাখিল করা দুস্থদের তালিকা বাদ দিয়ে তিনি পছন্দের লোকদের মধ্যে কার্ড বিতরণ করেন।

ফরজ আলী মণ্ডল বলেন, বরাদ্দের চেয়ে কম চাল দেওয়ায় ইউপি সদস্য কার্ডগুলো চেয়ারম্যানকে ফেরত দেন। বিতরণে অনিশ্চয়তা দেখা দিলে স্থানীয় সাংসদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বলে চেয়ারম্যানের কাছ থেকে কার্ডগুলো নিয়ে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জোর বা পক্ষপাতিত্ব করে কিছুই করা হয়নি।

ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রাশেদ আলম জানান, ঈদের আগে শেষ কর্মদিবসে তিনি দায়িত্ব পেয়েছেন এবং দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ঈদের পর আবেদনও করেছেন। তা ছাড়া বৃহস্পতিবার চাল বিতরণের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন জানান, ঈদের আগে ভিজিএফ চাল বিতরণ না হওয়ার বিষয়টি কেউই তাঁকে অবগত করেননি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেন বলেন, দুস্থদের বরাদ্দ নিয়ে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।