চাল নিয়ে চালবাজি!
রাজশাহীর বাগমারার তাহেরপুর ফাঁড়ির পুলিশ চাল নিয়ে চালবাজি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওএমএসের চাল সন্দেহে ১২০ বস্তা চাল আটক করেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে গড়িমসি শুরু করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল রাতে বাগমারার ভবানীগঞ্জ থেকে ১২০ বস্তা চালভর্তি দুটি ট্রলি দুর্গাপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে ট্রলি দুটি উপজেলার তাহেরপুর বাজারে পৌঁছালে ফাঁড়ির পুলিশ এর গতি রোধ করে চালের কাগজপত্র দেখতে চায়। চালকেরা এ সময় কাগজপত্র দেখাতে পারেননি। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, চালগুলো ভবানীগঞ্জের চাল ব্যবসায়ী দুলালের। তিনি তাহেরপুরে আরেক ব্যবসায়ী মাসুদের প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য তাঁদের ভাড়া করেছেন। পরে পুলিশ চালভর্তি ট্রলিসহ তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দিয়ে চালগুলো আটক করে রাখা হয়।স্থানীয় সাংবাদিকেরা খোঁজখবর নেওয়ার পর পুলিশ গত বৃহস্পতিবার এ ঘটনায় মামলা তালিকাভুক্ত করে। চাল ব্যবসায়ী দুলাল উদ্দিন জানান, চালগুলো বিক্রির জন্য ভবানীগঞ্জ থেকে তাহেরপুরে পাঠানোর সময় পুলিশ ওএমএসের চাল ভেবে আটক করে। পুলিশের কাছ থেকে চাল ফেরত চাইলে তাঁকে হয়রানি ও মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দুলাল দাবি করেন, চালগুলো সরকারি নয়। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, আমজাদ হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, পুলিশ চাল আটক করে এ ঘটনা অন্য খাতে প্রবাহের চেষ্টা করছে। এর আগে ছয় লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা আটক করে কয়েক ঘণ্টা পর বৈধ হিসেবে ছেড়ে দেওয়া হয়।তাহেরপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আটকের দিন জানিয়েছিলেন, চালগুলো ছিল খোলাবাজারে বিক্রির জন্য। এগুলো ভবানীগঞ্জ খাদ্যগুদাম থেকে পাচার করা হচ্ছিল। চালের কোনো কাগজপত্রও দেখাতে পারেননি তাঁরা। মালিক না পাওয়ায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে।উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল হান্নান জানান, তিনিও ঘটনাটি শুনেছেন। চালগুলো তাঁদের কি না, তা বলতে পারবেন না। তবে ১৭ এপ্রিল উপজেলার সব ওএমএস ডিলার গুদাম থেকে চাল উত্তোলন করেছেন বলে জানান। তার পরও তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, চাল আটকের ব্যাপারে তাহেরপুর ফাঁড়ি থেকে তাঁকে কিছু জানানো হয়নি। সাংবাদিকদের কাছ থেকে তিনি শুনেছেন বলে জানান।