চাল পাচারকারীদের রক্ষার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ভিজিএফের চাল পাচারকারীদের রক্ষার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিজিএফের চাল পাচারের সময় হাতেনাতে চাল আটক করে যাঁদের সই নিয়ে গুদামে সিলগালা করা হয়েছিল, সেই সাক্ষীদের না ডেকেই পরদিন ইউএনও চাল বিতরণ করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম জানান, গত ২৩ অক্টোবর বিনাইল ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিএফের চাল বিতরণ করার কথা ছিল। এ জন্য আগের দিন ইউপি সদস্য আনোয়ার হোসেন বিরামপুর গুদাম থেকে ২২ মেট্রিক টন ৬০০ কেজি চাল উত্তোলন করে ইউপি কার্যালয়ে নেন। ওই দিন বিকেলে সেখান থেকে দুই বস্তা চাল একটি ট্রলিতে করে পাচারকালে স্থানীয়রা চাল ও ট্রলির চালক জেকের আলীসহ ইউপি সদস্যকে আটক করেন। খবর পেয়ে সন্ধ্যায় ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান এবং স্থানীয় কুন্দন গ্রামের জোনাব আলী, আপেল মাহমুদ, হিটলার, আ. মজিদ ও সিরাজ আলীকে সাক্ষী করে সব চাল ইউপি কার্যালয়ে সিলগালা করে রাখেন।হিটলার বলেন, ‘সাক্ষী করার সময় ইউএনও একটি সাদা কাগজে আমাদের সই নিয়েছেন। ওই সময় উপস্থিত সহস্র্রাধিক গ্রামবাসী চালের বস্তাগুলো গুনতে চাইলেও ইউএনও তা না করেই গুদামটি সিলগালা করে চলে যান। পরদিন আমাদের না জানিয়ে ইউএনও অন্য কয়েকজনকে নিয়ে সিলগালা খুলে সেই চাল বিতরণ করেন। এরপর ২৫ অক্টোবর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান উল্টো দুজন সাংবাদিকসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা করেন।’ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান ও সদস্য আনোয়ার হোসেন জানান, খাদ্যগুদাম থেকে দুই বস্তা চাল ভুল করে বেশি এসেছিল। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তাহের জানান, ইউপি চেয়ারম্যানসহ সদস্য রেহানা পারভীন, বিনাইল গ্রামের মহরম আলী, অচিন্তপুর গ্রামের আ. আহাদ ও কুন্দন গ্রামের হাফেজ আলীকে সাক্ষী করে তাঁদের উপস্থিতিতে সিলগালা খুলে চাল বিতরণ করা হয়। সিলগালা খুলে চালের বস্তা সঠিক পাওয়া গেছে।তবে হাফেজ আলী জানান, চাল বিতরণ শুরুর অনেক পরে তাঁকে ডেকে একটি কাগজে স্বাক্ষর নেওয়া হয়। সেখানে কী লেখা ছিল, তা তিনি জানেন না।ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, তাঁর উপস্থিতিতে সিলগালা করা হলেও খোলার দিন তাঁকে ডাকা হয়নি। স্থানীয় লোকজন ও সাক্ষীরা অভিযোগ করেন, যাঁদের উপস্থিতিতে সিলগালা খোলা হয়েছে, তাঁরা সবাই চেয়ারম্যানের অনুগত। ইউএনও রোখছানা বেগম বলেন, ‘স্বাক্ষর নেওয়া সাদা কাগজটি জমা আছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সিলগালা করার সময় যাঁদের সাক্ষী করা হয়েছিল, তাঁদের নিজ দায়িত্বে সিলগালা খোলার সময় উপস্থিত থাকা উচিত ছিল।’ কিন্তু ডাকা না হলে সিলগালা খোলার কথা তাঁরা কীভাবে জানবেন, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।