চাল পাচারের অভিযোগে কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি চাল পাচারের অভিযোগে গত মঙ্গলবার রাতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫০ বস্তা চালভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত সাড়ে ১০টায় গুদামের সংরক্ষিত এলাকায় একটি চালবোঝাই ট্রাক ঢোকে। কয়েকজন শ্রমিক ট্রাকে আনা নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী চাল নামিয়ে রেখে গুদামের চাল ট্রাকে উত্তোলন করতে থাকেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ, ইউএনও ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে হাজির হন। এ সময় গুদামের চাল পাচারের সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম, এমএলএসএস ইসমাইল হোসেন ও চাল ব্যবসায়ী বেলাল হোসেন। এ সময় পুলিশ পাচারে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে।
ইউএনও রফিকুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে চাল পাচারের সত্যতা মিলেছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জহুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করে গুদামটি সিলগালা করে দেন। জহরুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত চলছে। গুদাম কর্মকর্তাসহ জড়িত কর্মীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ওসমান গণি বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।