ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পার হলেও দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিএফ) বিশেষ বরাদ্দের চাল গতকাল বুধবার পর্যন্ত পাননি ভোলার জেলেরা। অন্যদিকে অভিযান চালানো হলেও নিষেধাজ্ঞার মধ্যেও মেঘনা-তেঁতুলিয়া নদীসহ সাগরের মোহনায় ইলিশ ধরা হয়েছে দেদার।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ শিকার, বহন, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ করে সরকার। এতে ভোলায় মোট ১ লাখ ২০ হাজার জেলে বেকার হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৮৮ হাজার ১১১ জনকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা।
তবে গত ২২ দিনই ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদীর মাছঘাটগুলোয় রাতে মাছ ধরতে দেখা গেছে। দিনের ভাগে ঘাটে ভেজাজাল ভর্তি নৌকা ও ক্রেতাদের বস্তা ভরে ইলিশ কিনতে দেখা যায়।
জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ও শতাধিক জেলে বলেন, নিষেধাজ্ঞার আগেই জেলেরা এবার প্রচুর ইলিশ পেয়েছেন। তাই তাঁরা এ সময় মাছ ধরতে আগ্রহী ছিলেন না। কিন্তু আড়তদার, ক্ষমতাসীন নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযানের বিপক্ষে ছিলেন। এ কারণে রাতের আঁধারে জেলে ও শিশুদের দিয়ে মাছ ধরানো হয়।
জেলে ও জেলে নেতারা আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগের তৎপরতা দিনের ভাগে কিছুটা থাকলেও রাতের বেলা তেমন ছিল না। তা ছাড়া জেলেদের জন্য বরাদ্দ করা চাল এখন পর্যন্ত বিতরণ করা হয়নি।
সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বলেন, ‘এ বছর জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা অভিযান সফলে আন্তরিক ছিলেন। তবে ভিজিএফের চাল অভিযানের শুরুতে বিতরণ করা উচিত ছিল। শিগগিরই জেলেদের মধ্যে চাল বিতরণ করা হবে। চালের চেয়ে জেলের সংখ্যা বেশি হওয়ায় একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা চাচ্ছি সব জেলেকে চাল দিতে।’
জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘এ বছর জেলায় আটজন নির্বাহী হাকিম ও পাঁচজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন। দুটি উপজেলায় ইউএনও ছিলেন না। সাত উপজেলায় সাতজন উপজেলা মৎস্য কর্মকর্তা, সাতজন সহকারী মৎস্য কর্মকর্তা ও সাতজন মাঠকর্মী থাকার কথা থাকলেও তিনজন উপজেলা মৎস্য কর্মকর্তা, তিনজন সহকারী মৎস্য কর্মকর্তা ও ছয়জন মাঠকর্মী মাঠে কাজ করেছেন। জেলা মৎস্য ভবনেও জ্যেষ্ঠ সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, জরিপ কর্মকর্তা, প্রধান সহকারী, হিসাবরক্ষক, অফিস সহকারী ও এমএলএসএসের পদগুলো শূন্য। ডিম ছাড়তে আসা মা-ইলিশের প্রধান এ বিশাল এলাকায় দায়িত্বশীল মৎস্য কর্মকর্তা ও নির্বাহী হাকিমের সংখ্যা বাড়ানো উচিত ছিল। এ কারণে সব জায়গায় অভিযান চালানো সম্ভব হয়নি। তারপরও মনে করি, অভিযান ৯৯ শতাংশ সফল হয়েছে।’
ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, চলতি সপ্তাহেই চাল বিতরণের নির্দেশনা আছে।