চাল-পেঁয়াজের উচ্চমূল্যই আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে চাল ও পেঁয়াজের উচ্চমূল্য অপরিবর্তিত  রয়েছে। প্রায় সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা। ইলিশ ছাড়া অন্যান্য মাছের দামও বাড়তি। দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে আদা। ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে কমেছে বোতলজাত সয়াবিন তেল, চিনি, আলু ও ব্রয়লার মুরগির দাম। গতকাল শুক্রবার কারওয়ান বাজার, মহাখালী ও উত্তরার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পণ্যমূল্যের এই চিত্র পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ, মাসের প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল বিক্রেতারা বাড়তি দাম হাঁকিয়েছেন। বিক্রেতারা এর কারণ হিসেবে দেখিয়েছেন পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি ও পরিবহনের ব্যয় বৃদ্ধিকে।

বাজারে বিভিন্ন জাতের চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫৫ টাকায়। মিনিকেট ৪৬ থেকে ৪৮ টাকা, পারিজাত ৩৫ থেকে ৩৬ টাকা, ব্রি-২৮ চাল ৩৭ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে এসব চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা কম ছিল।

পেঁয়াজের দামও প্রায় অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ বাজারেই গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ছিল ৬৫ থেকে ৭০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৬৫ টাকা। গত মাসে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত উঠেছিল।

আদার দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকসবজি: দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের শাকসবজির দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি বেগুন ৪৫-৫০ টাকা; ভালো মানের শসা ৩৫-৪০; কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা; পেঁপে ২০-২৫ টাকা; বরবটি ৫০-৫৫ এবং পটোল ২০-২৫ টাকা।

মাঝারি আকারের একটি লাউয়ের দাম ৫০-৬০ টাকা এবং এক ফালি মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা। তবে আলুর দাম কেজিতে দুই-তিন টাকা কমে ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা ইসমাইল মিয়া জানান, বৃষ্টির কারণে শাকসবজি কম আসছে। তাই চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেশি।

মাছ-মাংস: ইলিশের মৌসুম হওয়ায় বাজারে এর দাম কমেছে। ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের একটি ইলিশ ৬০০ থেকে ৭০০ টাকা। এর চেয়ে ছোট আকারের ইলিশ ৪০০-৬০০ টাকা। অন্যান্য মাছের সমাগম থাকলেও দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

আকারভেদে রুই মাছ কেজিপ্রতি ২৪০-৩২০ টাকা, পাঙাশ ১২০-১৫০ টাকা, তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, কাতল ৪০০-৪৫০ টাকা এবং চিংড়ি ৪৫০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৩৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এর দাম ছিল ১৫০-১৬০ টাকা। তবে গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। এক কেজি গরুর মাংস ২৭৫ থেকে ৩০০ টাকা এবং খাসির মাংস ৪২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম কমেছে। পাঁচ লিটারের রূপচাঁদা ও তীর ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম ৬১০ টাকা।

এ ছাড়া কেজিপ্রতি খোলা চিনি ৪৫ টাকা, মোড়কজাত চিনি ৫০ টাকা, রসুন ৭০ থেকে ৮০ টাকা, মানভেদে মসুর ডাল ৮৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।