চাল, পেঁয়াজ, আদা আলুর দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে চাল, পেঁয়াজ, আলু ও আদার দাম বেড়েছে। গ্রীষ্মকালীন সবজির দামও চড়া। এই মূল্যবৃদ্ধি নিম্নবিত্ত এবং সীমিত আয়ের মানুষের কষ্ট বাড়িয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা কমেছে।
গতকাল শুক্রবার রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের চালের দাম গত এক সপ্তাহে কেজিতে এক-দুই টাকা বেড়েছে। মানভেদে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে এই চালের দাম বেড়েছে কেজিতে এক টাকা। নতুন মিনিকেট চাল এখনো পুরোদমে বাজারে আসেনি। নতুন মিনিকেট প্রতি কেজি ৫০-৫১ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো মিনিকেট ৪৩ থেকে ৪৭ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা ও পারিজাত, ব্রি-২৮-এর মতো মোটা চালের দাম ৩৩ থেকে ৩৮ টাকার মধ্যে। এসব চালের দাম দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে এক টাকা করে বেড়েছে।
আশকোনা হাজি-ক্যাম্প বাজারের জি কে ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেন প্রথম আলোকে জানান, নতুন চাল পুরোপুরি বাজারে আসতে আরও এক মাস লাগবে। তাই চলতি মাসে চালের দাম কমার সম্ভাবনা কম।
ভালো মানের দেশি পেঁয়াজের কেজি ৩৫ থেকে ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। গত সপ্তাহেও এসব পেঁয়াজের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত কম ছিল। একই সময়ে আলুর দাম কেজিতে দুই-তিন টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা। তবে আদার দামের ঊর্ধ্বগতি থামছে না। এক মাসের ব্যবধানে দেশি ও বিদেশি দুই ধরনের আদার দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। আমদানি করা আদা বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি। দেশি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা।