বেসরকারি মালিকানাধীন চালকল, চাতালমালিক, চালের দোকানদারদের ব্যবসার উদ্দেশ্যে চাল বাজারজাতকরণের ক্ষেত্রে ১০০ ভাগ পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করতে আইনগত বাধা নেই। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা গতকাল মঙ্গলবার আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
গত বছরের ২৬ সেপ্টেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বেসরকারি মালিকানাধীন চালকল, চাতালমালিক, চালের দোকানদারদের ব্যবসার উদ্দেশ্যে বাজারজাতকরণের ক্ষেত্রে ১০০ ভাগ পাটের বস্তা ব্যবহার করতে বলা হয়। প্রজ্ঞাপনের এই অংশের বৈধতা নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ ওই অংশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।
আইনজীবী সূত্র জানায়, এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। গতকাল শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম। রিটটি করেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিন মিল মালিক সমিতির আহ্বায়ক টি এম লায়েক আলীসহ অন্যরা।
পরে শেখ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, পাটজাত পণ্য পরিবেশবান্ধব বলে পণ্যের মোড়কে এর ব্যবহার বাধ্যতামূলক করতে প্রজ্ঞাপনটি জারি করা হয়। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় বেসরকারি মালিকানাধীন চালকল, চাতালমালিক ও চালের দোকানদারদের ব্যবসার উদ্দেশ্যে বাজারজাতকরণের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করতে আইনগত কোনো বাধা নেই।
২০১৩ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন করা হয়।