চাল বিক্রি না হওয়ায় ভাত বন্ধ শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলায় চালের বাজারে পাইকারি ক্রেতা নেই বললেই চলে। অবরোধ ও হরতালের কারণে পাইকারি ক্রেতারা ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে শেরপুরে যেতে পারছেন না। এতে বাজারে চালের দাম কমে গেছে। চাল বিক্রি করতে না পেরে অনেক চালকল মালিক চাতাল বন্ধ রেখেছেন। বেকার হয়ে পড়েছেন এসব চালকলের কয়েক হাজার শ্রমিক।

শেরপুর জেলা চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শম্পা রাইস মিলের মালিক মো. শহীদুল্লাহর ভাষ্য, বেশির ভাগ চালকল মালিকই ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন। উচ্চমূল্যে ধান কিনে তাঁদের উৎপাদিত চাল বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করতে হয়। কিন্তু প্রায় তিন সপ্তাহ ধরে অবরোধের ফলে তাঁদের ধান-চাল ব্যবসায় ধস নেমেছে। রাজধানী ঢাকা থেকে পাইকারি ক্রেতারা আসতে না পারায় চালকলগুলোতে বিপুল পরিমাণ চাল অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। এতে চালকল মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ব্যাংক ঋণও তাঁরা শোধ করতে পারছেন না।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদ প্রথম আলোকে বলেন, শেরপুরের অর্থনীতি চাতালশিল্পের ওপর নির্ভরশীল। কিন্তু অবরোধের কারণে সড়ক-মহাসড়কে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ট্রাকসহ পণ্যবোঝাই যান চলাচল বন্ধ থাকায় শেরপুরের চাল ব্যবসায়ীরা জেলার বাইরে চাল সরবরাহ করতে পারছেন না। এতে তাঁরা আর্থিক ক্ষতি ও সংকটে ভুগছেন। তিনি চালসহ সব কাঁচামাল বহনকারী যান অবরোধের আওতামুক্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।


জেলা চালকল মালিক সমিতি ও জেলা চাল আড়তদার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার পাঁচ শতাধিক চাতালে প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়। উৎপাদিত চালের শতকরা ৯০ ভাগ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ও অবশিষ্ট ১০ ভাগ চাল স্থানীয় বাজারে বিক্রি করা হয়। কিন্তু চলতি মাসে টানা অবরোধের কারণে ট্রাকসহ পণ্যবোঝাই যান চলাচল বন্ধ থাকায় শেরপুর থেকে জেলার অন্য জায়গায় চাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে চালকলগুলোতে উৎপাদিত চাল অবিক্রীত পড়ে থাকছে। একই সঙ্গে জেলা সদরসহ স্থানীয় বাজারে চালের সরবরাহ বাড়ায় বাজারে চালের দাম মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা কমে গেছে।

চালকল মালিকদের দেওয়া তথ্যমতে, অবরোধের আগে বিআর-২৮ ও নাজিরশাইল চালের পাইকারি দাম ছিল যথাক্রমে প্রতি মণ এক হাজার ৪০০ টাকা এবং এক হাজার ৮০০ টাকা। কিন্তু এখন তা বিক্রি হচ্ছে যথাক্রমে এক হাজার ৩৫০ ও এক হাজার ৭০০ টাকায়। এতে চালকল মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার শেরপুর জেলা শহরের কান্দাপাড়া, নওহাটা, দীঘারপাড়, ঢাকলহাটি ও শীতলপুর এলাকার চালকলগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ চাতালই বন্ধ রয়েছে। অনেক চালকলের গুদামে বোরো মৌসুমে উৎপন্ন বিআর-২৮ এবং আমন মৌসুমে উৎপাদিত পাইজাম, নাজিরশাইল ও সুগন্ধি চাল অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে।

জেলা চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রিয়তোষ চন্দ্র সরকার বলেন, অবরোধ ও হরতালের ফলে ঢাকা থেকে পাইকাররা চাল কিনতে আসছেন না। এমনকি এর আগে যেসব চাল বিভিন্ন ব্যবসায়ীর কাছে বাকিতে বিক্রি করা হয়েছে, অবরোধের কারণে তাঁরাও টাকা পরিশোধ করতে পারছেন না। এতে চালকল মালিকের সঙ্গে আড়ত ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।

জেলা চাতাল শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আবদুল হামিদ বলেন, অবরোধের কারণে চাল বিক্রি না হওয়ায় শেরপুরের অধিকাংশ চাতাল বন্ধ রয়েছে। এতে জেলার প্রায় পাঁচ হাজার চাতালশ্রমিক বেকার হয়ে পড়েছেন।