চাল বিক্রিতে অনিয়ম ডিলারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের দায়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের ডিলার আশরাফুল হককে (৩৮) ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন এই আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়ার কথা। তবে এই নির্দেশনা অমান্য করে গতকাল আশরাফুল শ্যামপুর গ্রামের রিপন শেখকে ২০ টাকা দরে ৫০ কেজি চাল দেন। টের পেয়ে স্থানীয় লোকজন আশরাফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। সন্ধ্যায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক শাখাওয়াত হোসেন তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।