চাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে জেলেদের সরকারি সহায়তার ৩০ কেজি চালের স্থলে ১৯ থেকে ২৪ কেজি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে জেলেদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, সরকার জাটকা রক্ষায় ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত উপকূলীয় নদ-নদী ও বঙ্গোপসাগর মোহনায় ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মাছ শিকারের নিষিদ্ধ সময়ে সরকার সহায়তা হিসেবে জেলেদের মাসে ৩০ কেজি করে চাল সহায়তা দিচ্ছে। বরগুনা জেলায় সরকারের হিসাবে সাড়ে ২৯ হাজার এবং বেসরকারি হিসাবে ৪২ হাজার ক্ষুদ্র জেলে পরিবার থাকলেও সরকারি সহায়তা পাচ্ছে ১১ হাজার ৬৮২টি জেলে পরিবার। এম বালিয়াতলী ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি কাদের মুন্সি সাংবাদিকদের জানান, এই ইউনিয়নে ৫৪২ জন জেলে সরকারি সহায়তা পাচ্ছেন। সহায়তার ৩০ কেজি চালের স্থলে তাঁদের কাউকে ১৯ কেজি আবার কাউকে ২৪ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, চাল ওজনে কম দেওয়ার ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন।ইউএনও মুস্তাফিজুর রহমান জানান, জেলেদের অভিযোগ পেয়েছেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউপির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তকে (ট্যাগ অফিসার) নির্দেশ দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান এম এ বারী বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন। ঘাটতি বাদ দিয়ে সুবিধাভোগী জেলেদের ২৮ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।’