চাল বিতরণে অনিয়ম চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
দুস্থদের চাল বিতরণে কর্তব্যে অবহেলা, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসকে কারণ দর্শাতে বলা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গত ১৫ জুলাই তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ভিজিডি কর্মসূচির আওতায় সুন্দলী ইউনিয়নের ১১৮ জন দুস্থ মহিলা মাসে ৩০ কেজি হারে চাল বা গম পাচ্ছেন। চেয়ারম্যান মাসে তিন হাজার ৫৪০ কেজি হারে মার্চ মাসের বরাদ্দের চাল গত ১২ মার্চ এবং এপ্রিল মাসের বরাদ্দের চাল ১০ এপ্রিল উত্তোলন করেন। ১৪ মার্চ ও ১২ এপ্রিল দুস্থদের মধ্যে ওই চাল বিতরণ করা হয়।দুস্থরা অভিযোগ করেন, চেয়ারম্যান ১৪ মার্চ তাঁদের ২১ কেজি করে চাল দিয়েছেন। কিন্তু তাঁদের কার্ডে ৩০ কেজি লেখা হয়েছে। অবশিষ্ট চাল পরের মাসে দেওয়া হবে বলে চেয়ারম্যান তাঁদের জানিয়েছিলেন। কিন্তু ১২ এপ্রিল তাঁদের ২৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রথম আলোতে গত ২৮ এপ্রিল ‘অভয়নগরে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।