চাল বিতরণে অনিয়ম বন্ধ ও পল্লি রেশনিং চালুর দাবি
খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম বন্ধ, পল্লি রেশনিং চালু এবং গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধের দাবি করেছে খেতমজুর সমিতি। দাবি আদায়ে বরিশালের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা।
গতকাল বেলা সাড়ে ১১টায় দাবি আদায়ে বাংলাদেশ খেতমজুর সমিতি বরিশাল জেলা শাখার পক্ষ থেকে ওই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কর্মসূচির অনিয়ম-দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে। অবিলম্বে খেতমজুরসহ গরিব মানুষের জন্য পল্লি রেশনিং চালু করে প্রতি কেজি চাল-আটা ৫ টাকা, তেল-ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন ১৫ টাকা দরে সরবরাহ করতে হবে। কর্মসৃজন কর্মসূচি, কাবিখা, কাবিটা, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক-দুস্থ ভাতা, বিধবা ভাতা, টিআর, জিআরসহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পের দুর্নীতি-লুটপাট-দলীয়করণ বন্ধ করতে হবে। ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ পুনরায় সব উপজেলায় চালু ও মজুরি বাড়াতে হবে। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু, সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।