চাল ব্যবসায় ধস ৫০০ চালকল চাতাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাল আমদানি ও স্থানীয় বাজারে ধানের দাম কম হওয়ায় পাবনার ঈশ্বরদীতে অধিকাংশ চালকল চাতাল বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে ৭০০ চালকল চাতালের মধ্যে ৫০০টি বন্ধ হয়ে গেছে। ফলে দেশের অন্যতম এই বাজারে চাল ব্যবসায় ধস নেমেছে।
চাল ব্যবসায়ী সূত্র জানায়, এখানকার উৎপাদিত চাল রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামসহ দেশের ২০টি জেলায় পাঠানো হয়। ভরা মৌসুমে এ বাজারে প্রতিদিন গড়ে পাঁচ কোটি টাকার চাল বিক্রি হলেও বর্তমানে চাল কেনাবেচা কমে গেছে। এখন প্রতিদিন ৫০-৬০ লাখ টাকার চাল বিক্রি হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা ধান-চাল মালিক সমিতির সহসাধারণ সম্পাদক জুলমত হায়দার জানান, ভারত থেকে অবাধে চাল আসছে। এসব চাল করমুক্ত হওয়ায় স্থানীয় আমদানিকারকেরা নতুন প্রক্রিয়ায় বাজারে চাল বিক্রি করছেন।
চালকল চাতাল মালিকেরা জানান, ভারতের বিভিন্ন গুদামের নষ্ট চাল সে দেশের বাজারে বিক্রি নিষিদ্ধ। ফলে এক শ্রেণির ব্যবসায়ী পশুখাদ্য হিসেবে সেই চাল বাংলাদেশে আমদানি করছেন। ধানের দাম কম হওয়ায় কৃষকেরা হাটবাজারে ধান বিক্রি করতে আসছেন না। ফলে স্থানীয় বাজারে ধানের আমদানি কম হওয়ায় চালকল চাতালগুলো চালু করা যাচ্ছে না।
এদিকে চালকল চাতাল বন্ধ থাকায় এখানকার চাতালশ্রমিকেরা অর্থকষ্টে পড়েছেন। এ কারণে শ্রমিকদের দৈনিক হাজিরাও বন্ধ রয়েছে। জয়নগরের চাতালশ্রমিক সুকজান বেগম জানান, চালকল চাতাল বন্ধ থাকায় তিনি কয়েক দিন ধরে হাজিরা পাচ্ছেন না।