আজ ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ড দিবস। ১৯৫০ সালের এই দিনে নির্যাতন ও নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ করায় কারারক্ষীদের গুলিতে সাতজন বন্দী নিহত হন। তাঁরা সবাই রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দী ছিলেন। দীর্ঘদিন সংস্কার না করায় ঐতিহাসিক এ ওয়ার্ডের চাল ভেঙে পড়েছে। বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়ার্ডটির দেয়ালসহ অন্যান্য অংশ।কারাগার সূত্রে জানা গেছে, বন্দীদের ওপর নির্যাতন ও নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ১৯৫০ সালে আন্দোলন হয়েছিল। সে সময় কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে ওই বছরের ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ডের বন্দীদের ওপর কারারক্ষীরা গুলি চালান। এতে ওই ওয়ার্ডে বন্দী কমিউনিস্ট পার্টির সাত নেতা-কর্মী নিহত হন। তাঁরা হচ্ছেন: দিনাজপুরের কাম্পারাং সিংহ, নবাবগঞ্জের সুধীন ধর, কুষ্টিয়ার শেখ হানিফ ও আনোয়ার হোসেন, খুলনার আনোয়ার হোসেন, রাজশাহীর বিজয় সেন ও ময়মনসিংহের সুখেন্দু ভট্টাচার্য। তাঁদের স্মরণে ওই ওয়ার্ডের পাশে ১৯৭২ সালে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।এসব কারণে ২৪ এপ্রিলকে খাপড়া ওয়ার্ড দিবস বলা হয়। এই দিনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা কারাগারের খাপড়া ওয়ার্ডের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।জানা গেছে, খাপড়া ওয়ার্ডের দেয়াল ইট এবং চাল টালি দিয়ে তৈরি। এ জন্য এই ওয়ার্ডের নামকরণ করা হয়েছে খাপড়া ওয়ার্ড। এখানে ৬১ জন বন্দীর থাকার ব্যবস্থা আছে। সম্প্রতি ওয়ার্ডের উত্তর পাশের চালের পাটাতন ভেঙে পড়ে। এতে চালের টালিও ভেঙে নষ্ট হয়ে গেছে। এখন ওই অংশ দিয়ে বৃষ্টি পড়ে দেয়ালও নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কারা কর্তৃপক্ষ এই ওয়ার্ডে কোনো বন্দী রাখতে পারছে না।এ কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক পার্থ গোপাল বণিক বলেন, এক বছর ধরে এ ওয়ার্ডের এক পাশের চালা ভেঙে পড়ছে। চালা সংস্কারের জন্য তিনটি চিঠি দেওয়া হলেও এ ব্যাপারে গণপূর্ত বিভাগ আজও কোনো ব্যবস্থা নেয়নি।