চাল, ভ্যাট ও জলাবদ্ধতা নিয়ে বিরোধীদলীয় সাংসদদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের দাম, পাহাড়ধস, ১৫ শতাংশ ভ্যাট, ব্যাংক আমানতে বাড়তি আবগারি শুল্ক, ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে গতকাল রোববার জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) একাধিক সাংসদ। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এ ক্ষোভ জানান।

১৫ শতাংশ ভ্যাট প্রস্তাবের বিরোধিতা করে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, বাজেটে ভ্যাটের বোঝা চাপানো হয়েছে। এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত। আগামী নির্বাচন ঘিরে অপশক্তি সোচ্চার। এ অবস্থায় বাজেটে ভ্যাটের এ প্রস্তাব আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলেন, ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

চালের দাম বৃদ্ধি নিয়ে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেন রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, পাহাড় এখন মৃত্যু উপত্যকা। দুর্যোগ মোকাবিলায় সরকার কী ব্যবস্থা নিয়েছে মানুষ জানতে চায়। একদিন ক্ষমতার বাইরে আসতে হবে। সেদিন কী জবাব দেবেন?

জাপার আরেক সাংসদ আবু হোসেন বলেন, পাহাড়ে মৃত্যুর দায় কে নেবে? প্রকৃতির ওপর দায় দিলে প্রকৃত অপরাধীরা ছাড়া পাবে। বন উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয় না। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম সম্প্রতি বৃষ্টিতে ডুবে গিয়েছিল। অনেকে উপহাস করে বলেন, নৌকায় ভোট দিয়েছেন তাই সরকার নৌকায় চড়াচ্ছে। ভবিষ্যতে মনে হয় তাঁরা আর খুশি মনে নৌকায় উঠবেন না। রাজধানীতে নিজের সংসদীয় এলাকায় জলাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারছি না। আমার কী করার আছে? এ দপ্তর থেকে ওই দপ্তরে দৌড়াচ্ছি।’

আবু হোসেন বলেন, ১৫ শতাংশ ভ্যাট আরোপ, বিজ্ঞাপনে আয়করের ফলে সংবাদপত্র শিল্প হুমকির মুখে পড়বে। তিনি বিষয়টি বিবেচনায় নেওয়ার এবং সামগ্রিকভাবে ১৫ শতাংশ ভ্যাট পুনর্বিবেচনার দাবি জানান।

আবু হোসেন বলেন, বিশ্বের কোথাও ব্যাংক হিসাবে আবগারি শুল্ক নেই।

জাপার আরেক সাংসদ মোহাম্মদ নোমান বলেন, ‘বাজেট নিয়ে আলোচনা করে কী হবে? আমরা যত মায়াকান্নাই করি না কেন, বাজেট কণ্ঠভোটে পাস হয়ে যাবে।’

নোমান বলেন, উন্নয়নের মহাসড়কে ওঠার সিঁড়ি জনগণ খুঁজে পাচ্ছে না। সরকারদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীদের লোভাতুর জিহ্বার লাগাম দিন, দেশ ভালো নেই।’ সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘যাঁরা কর দেন তাঁদের ওপর করের বোঝা চাপানো হয়েছে। নৈতিকভাবে হোক বা যুক্তি দিয়ে হোক, এটা মেনে নিতে পারছি না।’

সরকারি দলের মোহাম্মদ ফারুক খান বলেন, বিএনপি যখন বলে পকেট কাটার বাজেট, তখন সন্দেহ হয়। তাদের আমলে বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি যদি বাজেট বুঝত, তাদের উচিত ছিল ফোকাসগুলো নিয়ে কথা বলা। সরকারি দলের জাহিদ মালেক বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অনেক হইচই হচ্ছে। এখান থেকে পাওয়া যাবে ৩৫০ কোটি টাকা। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের কথা ভেবে এটা প্রত্যাহার করা এবং কাগজ, সাবান, খাদ্যপণ্য এবং তাঁতের ওপর ভ্যাট কমানোর প্রস্তাব করেন। অন্যান্যের মধ্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আওয়ামী লীগের ফরহাদ হোসেন, সৈয়দা সায়রা মহসীন, কামাল আহমেদ মজুমদার, ইউসুফ আবদুল্লাহ হারুন, খন্দকার আবদুল বাতেন, আলী আজম, কামরুল আশরাফ খান প্রমুখ আলোচনায় অংশ নেন।

কোরাম-সংকটে আধা ঘণ্টা দেরি

কোরাম-সংকটের কারণে গতকাল সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর বেলা ১১টার দিকে শুরু হয়। নির্ধারিত সময়ে সকাল সাড়ে ১০টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনকক্ষে উপস্থিত হন। এ সময় অধিবেশনকক্ষে ১৬ জন সাংসদ উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরু করতে হলে ৬০ জন সাংসদ উপস্থিত থাকতে হয়।