চাল রপ্তানি অনিশ্চয়তায়
সরকারি উদ্যোগে শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি অনিশ্চয়তায় পড়েছে। কারণ, সরকারি গুদামে যে মানের চাল রয়েছে, শ্রীলঙ্কা তা নেবে না। দেশটি যে মানের চাল নিতে চায়, সরকারি গুদামে সেই মানের চাল নেই। সাধারণত থাকেও না।
খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র গতকাল রোববার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ যে মানের চাল দিতে পারবে, তা উল্লেখ করে শ্রীলঙ্কার কাছে যে খসড়া চুক্তিপত্র পাঠানো হয়েছিল, গত সপ্তাহে তার জবাব এসেছে। তাতে শ্রীলঙ্কা বলেছে, তারা ওই মানের চাল নিতে পারবে না।
এই চাল রপ্তানির বিষয়ে আলোচনার শুরুতে দাম নিয়েও মতভেদ হয়েছিল। বাংলাদেশ প্রতি মেট্রিক টন চালের দাম চেয়েছিল ৪৯৫ মার্কিন ডলার। কিন্তু শ্রীলঙ্কা তাতে রাজি হয়নি। পরে সরকার চালের দাম ৪৫০ ডলারে পুনর্নির্ধারণ করে শ্রীলঙ্কাকে জানায়। ওই প্রস্তাবে দেশটি রাজি হলে রপ্তানির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।
সূত্র জানায়, এই পর্বে সরকার চালের দাম, মান, রপ্তানির মাধ্যম প্রভৃতিসহ চুক্তির খসড়া তৈরি করে। আইন মন্ত্রণালয় সেটি অনুমোদন করে। এরপর তা পাঠানো হয় শ্রীলঙ্কায়। তাতে চালের মান সম্পর্কে বলা হয়, রপ্তানি করা চালে বড় ভাঙা দানা থাকবে ৮ শতাংশ। ছোট ভাঙা দানা থাকবে ৪ শতাংশ। বিভিন্ন জাতের চালের মিশ্রণ থাকবে ৮ শতাংশ। প্রতি কেজি চালে একটি করে ধান থাকবে।
এর জবাবে শ্রীলঙ্কা জানিয়েছে, তারা ওই মানের চাল নেবে না। তাদের চাহিদা অনুযায়ী চালে বড় ভাঙা দানা থাকতে পারবে ৫ শতাংশ, ছোট ভাঙা দানা ১ শতাংশ। চালে কোনো মিশ্রণ কিংবা ধান থাকতে পারবে না।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ক্ষেত্রে সমস্যা হলো, শ্রীলঙ্কা যে মানের চাল চাইছে, তা সরকারের গুদামে নেই। সরকার যে পদ্ধতিতে ধান-চাল সংগ্রহ ও গুদামজাত করে, তাতে ওই মানের চাল গুদামে আসে না। এখন সরকার চাইলে খোলাবাজার থেকে কিনে শ্রীলঙ্কার চাহিদামতো চাল সরবরাহ করতে পারে। তবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক দিন সময় লাগবে।
খাদ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত অক্টোবরে এক বৈঠকে শ্রীলঙ্কার প্রতিনিধিদল ‘লোকাল সাম্বা’ জাতের (বাংলাদেশের মাঝারি মানের) চাল কেনার আগ্রহ দেখিয়েছিল। অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ওই বৈঠকে তাঁরা ঢাকার খোলাবাজার থেকে নমুনা হিসেবে কিনে আনা ‘গুটি স্বর্ণা’ চাল দেখিয়েছিলেন। তখন বাংলাদেশের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছিল, খাদ্য বিভাগ ওই মানের চাল কেনে না। তাই সরকারি গুদামে ওই চাল নেই। তবে সংগ্রহ করে দেওয়া যাবে।
সূত্র আরও জানায়, এখন শ্রীলঙ্কার চাহিদামতো চাল সংগ্রহ করা হবে কি না, আর তাতে চালের দাম ৪৫০ ডলারের মধ্যে থাকবে কি না—এসব প্রশ্ন থেকে যাচ্ছে। এসব বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। সরকার ভাবমূর্তি উজ্জ্বল করতে শ্রীলঙ্কায় চাল রপ্তানি করতে আগ্রহী।
চলতি বছরের মাঝামাঝি শ্রীলঙ্কা জরুরি ভিত্তিতে চাল কিনতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠায় (এসএলএইচসি-বিডি/টিপিএন/২৩১/২০১৪)। দেশটির অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ থেকে চাল নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়। এরপর ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশন গত ২২ আগস্ট লিখিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাল কেনার বিষয়টি জানায়।