চাল রপ্তানির চিন্তা করছে সরকার
বর্তমানে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ থাকলেও সরকার সব ধরনের চালই রপ্তানির চিন্তা করছে। অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবছর চালের উৎপাদন বাড়ছে। আমরা এখন খাদ্যে আত্মনির্ভরশীল।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রোববার সচিবালয়ে খাদ্যপণ্য ও পোলট্রি শিল্পবিষয়ক এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।চালের দাম খুব কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘কৃষক তার খরচ আদায় করতে পারছে কি না সন্দেহ আছে। বর্তমানে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। যদিও এতে সময় বেঁধে দেওয়া আছে। তবে আমার মনে হয়, সব সময়ের জন্যই রপ্তানির সুযোগটি থাকা উচিত।’ তবে তিনি এ-ও বলেন, বিষয়টি প্রস্তাব আকারে এসেছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।রপ্তানির পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাল রপ্তানি নিয়ে চিন্তা করতে শুরু করেছি। কারণ, বাম্পার উৎপাদন। এবার যা উৎপাদিত হয়েছে, আগামীতে আরও বেশি হতে পারে।’ সুগন্ধির পাশাপাশি সব ধরনের চাল রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী বিষয়টি কার্যকর করতে ছয় মাস সময় লাগতে পারে বলে অনুমান করেন।অর্থমন্ত্রী বলেন, উৎপাদন খরচের চেয়ে বাজারমূল্য কম থাকায় এমনকি খোলা বাজারে বিক্রি (ওএমএস) ও রেশনের যে বন্দোবস্ত করেছে সরকার, সেগুলো কার্যকর করা যাচ্ছে না। অর্থাৎ, ওএমএসের চাল মানুষ কিনছে না। চাল রপ্তানির এমন চিন্তাভাবনায় বাজারে চালের দাম বাড়বে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দাম হচ্ছে ২৮ টাকা।’ তিনি বলেন, বাংলাদেশে চালের দাম যেকোনো দেশের চেয়ে কম। এমনকি প্রতিবেশী মিয়ানমারের চেয়েও কম।কার্যকর না হওয়ায় ওএমএসের চালের দাম বর্তমানের ২৪ টাকা থেকে আরও কমানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান মুহিত। বাজারে চালের নিম্নমুখী প্রবণতার পেছনে একশ্রেণীর ব্যবসায়ীর হাত রয়েছে বলেও মনে করেন তিনি।চালের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের কষ্ট হবে—এ ব্যাপারে অর্থমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মূল্যস্ফীতির কথা আপনারাই বলেন। মানুষের আয় বাড়ছে। আমি তো গ্রামেগঞ্জে যাই। কেউ তো মূল্যস্ফীতির কথা বলে না। ঢাকা ও বড় বড় শহরেই এগুলো বলা হয়।’ অর্থমন্ত্রী বলেন, পোলট্রি শিল্প খুবই ক্ষতিগ্রস্ত এ বছর। এ শিল্প মারাত্মকভাবে মড়কে আক্রান্ত, যা খুবই চিন্তার বিষয়। বলা যায়, বিষয়টি এখন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশে যে ফ্লু হয়েছে, তা এখনো চিহ্নিত হয়নি জানিয়ে তিনি বলেন, এ জন্য ভ্যাকসিন আমদানি করতে হবে। তবে ভ্যাকসিনের অসুবিধাজনক দিক হলো, প্রতিবছর তা পরিবর্তন করতে হয়। সমস্যা দূরীকরণে মুহিত বলেন, ‘আমাদের এখন ভ্যাকসিন তৈরির পথে যাওয়া দরকার। যদিও আশার কথা যে স্থানীয় দুটি ওষুধ কোম্পানি এরই মধ্যে এই উদ্যোগ নিয়েছে।’পোলট্রির ভ্যাকসিন নিয়ে নানা মত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে এ ব্যাপারে বড় একটি সিদ্ধান্ত হয়েছে। তা হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে একটি অধিবেশন করবে। এতে বিশেষজ্ঞরাও থাকবেন। অধিবেশন থেকে বেরিয়ে আসবে যে ভ্যাকসিনে আন্তর্জাতিক মূল্যায়ন বা মানের সঙ্গে আমরা কীভাবে সম্পৃক্ত হতে পারি।’