চাল রপ্তানির জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অভ্যন্তরীণ চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে চট্টগ্রাম বিভাগীয় খাদ্য কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে খাদ্য বিভাগ। এতে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার চালের বাজার খুঁজে রপ্তানিতে সফল হবে। বাংলাদেশ চাল উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে আছে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী শ্রীলঙ্কায় চাল রপ্তানি ও নেপালে দুর্যোগের সময় খাদ্য সহায়তার বিষয়টি তুলে ধরেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘২০০৯ সালে সরকার গঠন করার সময় ২৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ২০১১-১২ সালে বিদেশ থেকে চাল আমদানি করতে হয়েছিল। এ ঘাটতি মিটিয়ে এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এ বছর দেশে ২০ থেকে ২২ লাখ টন খাদ্য উদ্বৃত্ত থাকবে। এখন খাদ্য রপ্তানির যোগ্যতা অর্জন করেছি আমরা।’
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল কাদিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ও চট্টগ্রামের জেলা প্রশাসক শামসুল আরেফীন।
মন্ত্রী বলেন, ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। কর্মসূচি শুরুর পরপর বিভিন্ন স্থানে অভিযোগের কারণে ১৩০ জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ছাড়া বিশেষ ক্ষমতা আইনে ৩৭টি মামলা, ২ লাখ ১৮ হাজার কার্ড বাতিল ও ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।