চাল সংগ্রহ বন্ধ, হতাশ কৃষক
লক্ষ্যমাত্রার অতিরিক্ত চাল উৎপাদন করেও মুখে হাসি নেই কক্সবাজারের আট উপজেলার দুই লাখ কৃষকের। খাদ্য বিভাগ চাল সংগ্রহ না করায় জেলার দুই শতাধিক চালকল কৃষকের কাছ থেকে ধান-চাল কিনছে না। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে কক্সবাজারের ৭৮ হাজার ৬৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯ হাজার ৫৭৮ মেট্রিকটন ধান। উৎপাদন হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৯ মেট্রিকটন। গত মৌসুমের চেয়েও এবারে ১০ হাজার ৭৪০ মেট্রিকটন ধান বেশি উৎপাদন হয়েছে। তবু বিপাকে পড়েছেন কৃষকেরা।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এক কেজি চালও কেনেনি খাদ্য বিভাগ। জেলার কৃষকদের উৎপাদিত চাল আতপ হওয়ায় খাদ্য বিভাগ চাল সংগ্রহ বন্ধ রেখেছে বলে জানা গেছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য বিভাগ। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৩৯ টাকা। গত বছরের ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই চাল সংগ্রহ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়নি।
রামু উপজেলার কৃষক মোজাফফর আহমদ (৫৫) বলেন, এবার জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। সরকার চালের দামও মোটামুটি ভালো দিয়েছে। কিন্তু কক্সবাজারের চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাল সংগ্রহ শুরু না হওয়ায়।
টেকনাফের হ্নীলা এলাকার কৃষক ছৈয়দ নুর (৫০) বলেন, এই মৌসুমে তিনি প্রায় ৫০০ মণ চাল উৎপাদন করেছেন। কিন্তু ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন না।
এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহসিনুল হক বলেন, কক্সবাজারে উৎপাদিত সব চালই আতপ চাল। আতপ চাল সংগ্রহের কোনো সিদ্ধান্ত না থাকায় এবার কক্সবাজারে চাল সংগ্রহ হচ্ছে না।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান বলেন, দেশব্যাপী সেদ্ধ চাল সংগ্রহ হচ্ছে। কিন্তু কক্সবাজারসহ চট্টগ্রাম অঞ্চলে সেদ্ধ চাল না থাকায় সংগ্রহ বন্ধ আছে। আতপ চাল সংগ্রহ করার জন্য নির্দেশনা চেয়ে ইতিমধ্যে উচ্চপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।