চাল সাদা করতে ইউরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুড়ি সাদা ও বড় আকৃতির করতে ইউরিয়া সার মেশানোর কথা কম-বেশি সবাই জানে। সারা দেশেই অসাধু মুড়ি ব্যবসায়ীরা এই অপতত্পরতার সঙ্গে জড়িত। কিন্তু রংপুরের তারাগঞ্জে সেই ইউরিয়ার অপব্যবহার শুধু মুড়িতেই সীমাবদ্ধ নেই। ধান থেকে ধবধবে সাদা ও উজ্জ্বল চাল বের করতে অনেক চাল ব্যবসায়ী ধানের সঙ্গে ব্যবহার করছে মানবদেহের জন্য ক্ষতিকর এই রাসায়নিক সার। ইউরিয়া মেশানো সাদা চাল প্রতিদিন সরবরাহ করা হচ্ছে উপজেলার হাটবাজারসহ দেশের বিভিন্ন জেলায়। খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে রান্নাঘর হয়ে এই চাল চলে যাচ্ছে মানুষের খাবার টেবিলে। চিকিত্সকেরা বলছেন, এ জাতীয় ক্ষতিকারক পদার্থ মিশ্রিত খাবার চাল দীর্ঘদিন খেলে কিডনি ও যকৃতের জটিল রোগ দেখা দিতে পারে।অনুসন্ধানে জানা গেছে, একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় সেদ্ধ করা ধান চালকলে একবার ভাঙার পর তাতে ইউরিয়া সার মিশিয়ে আরেকবার ভাঙছে। এতে চালের রং সাদা ও উজ্জ্বল হয়। মেনানগর গ্রামের চাল উত্পাদনকারী সিরাজুল ইসলাম বলেন, ‘ধান ও চালের সঙ্গে ইউরিয়া মিশিয়ে চালের রং উজ্জ্বল করা একটা সহজ পদ্ধতি। অসাধু কিছু ব্যবসায়ী আট-নয় বছর ধরে এখানে এটা করছে। তারা গোপনে রাতে এই কাজ করে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ইকরচালি ইউনিয়নের এক চালকলের কর্মচারী জানান, চাল বের করতে ধান পানিতে একদিন ভিজিয়ে রাখতে হয়। ভেজা ধান সেদ্ধ করে রোদে শুকাতে হয়। শুকানো ধানগুলো চালকলে নিয়ে এক ছাঁটাই (ভাঙা) দিয়ে প্রতি ১০ মণে দুই কেজি ইউরিয়া সার মেশানো হয়। পরে আরেক ছাঁটাই দিলে চালের রং সাদা ও উজ্জ্বল হয় ওঠে। চালকলের ওই কর্মচারী আরও জানান, ধানের সঙ্গে ইউরিয়া মিশিয়ে চাল সাদা করা যায়। ভেজানোর সময় ১০ মণ ধানের সঙ্গে তিন কেজি ইউরিয়া মিশিয়ে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়। এতে ধানের খোসা ভেদ করে ইউরিয়া চালের ভেতর প্রবেশ করে। এই ধান সেদ্ধ করার পর তা রোদে শুকিয়ে কলে দুই ছাঁটাই দিলে চালের রং সাদা হয়ে যায়। ইউরিয়া মিশ্রিত এই সাদা চাল হাত দিয়ে নাড়লে কিছুটা পিচ্ছিল লাগে এবং রান্নার পর ভাত খুব দ্রুত নরম হয়ে যায়। ডাঙ্গিরহাট বাজারের খুচরা চাল ব্যবসায়ী মমিনুল ইসলাম, কাশিয়াবাড়ী বাজারের আয়নাল হক ও বুড়িরহাট বাজারের জুয়েল জানান, উপজেলার ২১টি হাটবাজারে যেসব সাদা চাল চোখে পড়ছে তার বেশির ভাগই ইউরিয়া মিশিয়ে সাদা করা হয়েছে। একশ্রেণীর লোভী ব্যবসায়ী গভীর রাতে এটা করছে। নিয়মিত বাজার থেকে চাল কিনে খান সরকারপাড়া গ্রামের আকমল মিয়া, লেবু মিয়া ও মিনহাজুল হক। তাঁরা জানান, ‘আমরা ভালো চাল মনে করে প্রতিদিন বেশি দামে সাদা চাল কিনি। কিন্তু এই চালের রান্না করা ভাত স্বাদ লাগে না। দুই-তিন ঘণ্টার মধ্যেই ভাতগুলো পানি ছেড়ে দেয়, ভেজা ভেজা লাগে। সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম ও হাঁড়িয়ারকুঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘বিষয়টি আমাদের জানা আছে। কিন্তু প্রমাণের অভাবে অসাধু ব্যবসায়ীদের ধরতে পারছি না।’ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ ফজলুল হক বলেন, ক্ষতিকারক ইউরিয়া সার মিশ্রিত চালের ভাতে কোনো পুষ্টি থাকে না। ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো এই চাল দীর্ঘদিন খেলে যকৃতের কোষ ধ্বংস হতে পারে এবং কিডনিতে প্রদাহ ও ক্ষত সৃষ্টি হয়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, বিষাক্ত পদার্থ দিয়ে চাল সাদা করার অভিযোগ পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।