রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএসের গাড়িচালক আজম খান কোথায় ছিলেন, কেন লুকিয়ে ছিলেন? এত দিন পর কেন গণমাধ্যমের সামনে কথা বলেছেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল রোববার কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এই প্রশ্ন তুললেন। তিনি বলেন, ‘গাড়ির চালক দীর্ঘদিন নিখোঁজ ছিলেন, লুকিয়ে ছিলেন। কোথায় ছিলেন, কেন ছিলেন? এখন কোথা থেকে কার পারপাসে কী বলছেন, এটা আরও তদন্তের মাধ্যমে জানা যাবে। এটার মধ্যে গভীর ষড়যন্ত্র আছে। উনি কেন পালিয়ে থাকার পর গোপনে মিডিয়ার সামনে কথা বলছেন? ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক ফলাফল পাওয়া যাবে।’গত ৯ এপ্রিল রাতে বিপুল পরিমাণ টাকাসহ তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিতের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আজম খান পিলখানায় বিজিবির সদর দপ্তরে ঢুকে পড়েন। ওই গাড়িতে ওমর ফারুকের সঙ্গে রেলওয়ের দুজন পদস্থ কর্মকর্তাও ছিল। ওই ঘটনার পর থেকে গাড়িচালক আজম খান আত্মগোপনে আছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে আজম খান বলেন, রেলের নিয়োগ দুর্নীতির ৭৪ লাখ টাকা ওই রাতে মন্ত্রী সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল। বিবেকের তাড়নায় তিনি তা ধরিয়ে দিয়েছেন। এর আগেও এ রকম কয়েকবার টাকা গেছে সুরঞ্জিতের বাসায়।