চালক আজমের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অব্যাহতি পাওয়া সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়িচালক আজম খান এখনো নিখোঁজ। গত শনি ও রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আজমকে আজ সোমবার সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে এসে শুনানিতে অংশ নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির ঘটনা উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটি এক দফা তাঁর স্থায়ী ঠিকানা চাঁদপুর ও ঢাকার বাসায় চিঠি পাঠিয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। তাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।তদন্ত কমিটির প্রধান ও রেলের মহাপরিচালক আবু তাহের গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘আসল রহস্য বের করতে হলে চালক আজম খানের সাক্ষ্য নেওয়া খুব জরুরি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আজমের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারাও কোনো তথ্য দিতে পারেনি।’১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু সব সাক্ষ্য নেওয়া শেষ না হওয়ায় আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানো হয়েছে। আগামী ১৩ মের মধ্যে প্রতিবেদন দিতে হবে জানিয়ে আবু তাহের বলেন, ‘আশা করছি, এ সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে।’রেলওয়ে মহাপরিচালক আরও জানান, দু-এক দিনের মধ্যে পিলখানায় পরিদর্শনে যাবে তদন্ত কমিটি। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাক্ষ্য নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত অনুমোদন পাওয়া গেছে। গত ৯ এপ্রিল রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, ওমর ফারুক তালুকদার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট এনামুল হককে নিয়ে চালক আজম খান পিলখানায় ঢুকে পড়েন। এরপর গাড়িতে টাকা আছে বলে চিৎকার শুরু করলে বিজিবির সদস্যরা তাঁদের সারা রাত পিলখানায় বসিয়ে রাখেন। সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তদন্ত কমিটি সূত্র জানায়, এ পর্যন্ত ইউসুফ আলী মৃধা, ওমর ফারুক, এনামুল হক ও ইউসুফ আলীর গাড়িচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইউসুফ আলীর ব্যক্তিগত দেহরক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জিএম পরিবর্তন: মধ্যরাতের অর্থ কেলেঙ্কারির পর ইউসুফ আলী মৃধাকে জিএম পদ থেকে বরখাস্ত করা হয়। গতকাল পূর্বাঞ্চলের জিএমের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চলের জিএম তাফাজ্জল হোসেনকে। আর পশ্চিমাঞ্চলের জিএম করা হয়েছে অতিরিক্ত মহাপরিচালক (এমঅ্যান্ডসিপি) ফেরদৌস আলমকে। শাস্তি: বিমানবন্দর স্টেশনে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গতকাল রেলের টিকিট বিক্রির সঙ্গে জড়িত কর্মী মো. সামাউন ও টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ে পুলিশের সিপাই শাহজাহান সম্রাটকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মেইল ট্রেনে টাকার বিনিময়ে আসন বরাদ্দের অভিযোগে একজন আনসার ও দুজন রেলপুলিশকে বরখাস্ত করা হয়েছে বলে রেল মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।