চালক আটকের জের ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালককে আটকের জের ধরে গতকাল সন্ধ্যায় দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। চালককে মুক্তি না দিলে আজ সোমবার অভ্যন্তরীণ রুটের বাসও বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে।
বাস মালিক সমিতি জানায়, গতকাল বিকেলে ঈগল পরিবহনের বাসে উঠতে গিয়ে পুলিশ কনস্টেবল আ. ছাত্তার আহত হন। এ ঘটনায় বিমানবন্দর থানা-পুলিশ যাত্রী নামিয়ে দিয়ে ঈগল পরিবহনের বাসটি জব্দ ও চালক মো. আবু সাঈদকে আটক করে। এরপর সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, তাৎক্ষণিক মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কনস্টেবলের চিকিৎসার জন্য তাঁকে মেডিকেলে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের কাছে বিষয়টি বুঝিয়ে বলা হয়। পুলিশ কোনো অনুরোধ শোনেনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুজ্জামান বলেন, ঈগল পরিবহনের গাড়ি পুলিশ সদস্যের পায়ের ওপর দিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।