নাটোর সদর উপজেলায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাসের চাপায় লেগুনার চালকসহ তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার পঞ্চগড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন ও গাইবান্ধায় ট্রলির চাপায় এক কৃষক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দপুর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার ওপর উঠে যায়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় ও বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় লেগুনার চার যাত্রী, চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন। নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে চালকের সহকারী (২২) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এঁরা হলেন লেগুনার যাত্রী বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরদারপাড়ার কাঁচামাল ব্যবসায়ী মাসুদ রানা (৩২) ও চালক রাজশাহীর কাটাইখালী মহল্লার জীবন আলী (৩৫)। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে।
পঞ্চগড়: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সদর উপজেলার জগদল এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। এঁরা হলেন সদর উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের খোরশেদ আলম (৫৫), গোয়ালঝাড় গ্রামের সলিমুল (৪৮) ও ঠুটাপাখুড়ির সালাউদ্দিন (৪৫)। পুলিশ ট্রাক ও ট্রাকচালককে আটক করতে পারেনি।
গাইবান্ধা: বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে গোবিন্দগঞ্জ শহর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কৃষক আবদুল কাফি (৪৫)। কোচাশহর শোলাগাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আবদুল কাফি মারা যান।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু: সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬০) মারা গেছেন। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।