চালক ও যাত্রীদের জন্য মরণফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ সড়ক বাজিতপুর উপজেলার বাজিতপুর-কুলিয়ারচর সড়কটি দীর্ঘদিন মেরামত ও সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত আট বছরে সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব গর্তের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।এলাকাবাসী জানান, বাজিতপুর উপজেলায় দেওয়ানি আদালত থাকায় যুগ্ম জেলা জজসহ পাঁচটি সহকারী জজ আদালতে প্রতিদিনই মামলাসংক্রান্ত কাজে লোকজনকে বাজিতপুরে আসা-যাওয়া করতে হয়। ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর থানার জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) কার্যালয়ও রয়েছে। তা ছাড়া ৫০০ শয্যাবিশিষ্ট জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থাকায় বাজিতপুরে আসতে গুরুত্বপূর্ণ এ সড়ক বিভিন্ন এলাকার লোকজন ব্যবহার করে থাকে। এলাকাবাসী সাত কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও এখনো সেটি সংস্কার করা হয়নি।বাজিতপুর বণিক সমিতির সভাপতি মো. সানোয়ার আলী শাহ সেলিম জানান, গুরুত্বপূর্ণ এ সড়ক ব্যবহার করে কম সময়ে ভৈরব হয়ে অনেক ব্যবসায়ী রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। তাই গুরুত্বপূর্ণ সড়কটি অবিলম্বে প্রশস্ত করাসহ নতুন করে সংস্কার একান্ত জরুরি।বাজিতপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী মো. আবদুল জলিল বলেন, ‘সড়কটি আট ফুট চওড়া। এটিকে ১০ ফুট প্রশস্ত করা দরকার। সাত কিলোমিটার সড়কটি প্রশস্ত ও নতুন করে সংস্কার করতে হলে এক কোটি ২০ লাখ টাকার প্রয়োজন। এ ব্যাপারে একটি প্রকল্প তৈরি করে প্রধান প্রকৌশলী বরাবরে এরই মধ্যে পাঠানো হয়েছে। আশা করি, এই অর্থবছরে সড়কটি সংস্কার ও মেরামত হবে।’